বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

খুলনা ব্যুরো:: খুলনার রূপসা উপজেলায় ইটভাটার ভেতরে ঢুকে ফখরুল শেখ (৩৫) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কিসমত খুলনা গ্রামের মেসার্স রূপসা ব্রিকস ইটভাটায় এ ঘটনা ঘটে।

নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে যুবদলের কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার দুটি মেয়ে রয়েছে।

ফখরুলের স্বজন ও পুলিশ জানায়, মেসার্স রূপসা ব্রিকস ইটভাটাটি ফখরুলদের। ভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য তিনি মাঝে মধ্যে রাতে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন। মঙ্গলবার রাতেও তিনি ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন। রাত ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ইটভাটার ভেতরে প্রবেশ করে ফখরুলকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ওসি আবদুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com