বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত

পঞ্চগড় জেলা প্রতিনিধি:: পঞ্চগড়ের বোদায় প্রাইভেট পড়ে বন্ধুর বাসায় যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় সায়মন ইসলাম সাদিক (১৬) ও রেদওয়ানুল হোসেন রাহাত (১৮) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফজলে রাব্বি শাহ (১৭) নামে আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

প্রাইভেট শেষে তিন বন্ধু মোটরসাইকেলে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সায়মন ও রেদওয়ানুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ফজলে রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সায়মন ইসলাম সাদিক সাকোয়া ইউনিয়নের ভোলাবসুনিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। অপর নিহত রেদওয়ানুল হোসেন রাহাত ফুলবাড়ী গ্রামের মিজানুর রহমানের ছেলে। আহত ফজলে রাব্বি শাহ চন্দনবাড়ী ইউনিয়নের শাহপাড়া গ্রামের আবু শাহর ছেলে। তারা তিনজনই সাকোয়া জামিলাতুন নেছু ফাজিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে তিন বন্ধু শাহাপাড়া এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাদমান সাকিব জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনার পর দুজনকে মৃত ঘোষণা করা হয়। অপর শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com