বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

রাজশাহীতে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ডপাপ্ত লিমন মিয়া

রাজশাহী ব্যুরো:: রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের সাবেক বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ১৪ বছর বয়সী ছেলে তওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যার দায়ে লিমন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২-এর বিচারক রেজাউল করিম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিমন মিয়ার বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড় গ্রামে। তিনি কঞ্চিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বাবা হেমায়েত মোহাম্মদ সোলাইমান হোসেন শহিদ ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য।

রায় ঘোষণার সময় লিমন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

যেভাবে হত্যা করা হয় সুমনকে

মামলার বিবরণে জানা যায়, পূর্বপরিচয়ের সূত্র ধরে ২০২৫ সালের ১৩ নভেম্বর বিকালে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডাবতলা এলাকার পার্ক ভিউ নামের একটি বহুতল আবাসিক ভবনের পাঁচতলায় বিচারক আবদুর রহমানের বাসায় যান লিমন।

পূর্বপরিকল্পনা অনুযায়ী বাসায় ঢুকে প্রথমে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে (৪৫) ছুরিকাঘাত করেন তিনি। মায়ের চিৎকার শুনে তাকে বাঁচাতে এগিয়ে এলে ছেলে তওসিফ রহমান সুমনকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন লিমন। এতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। গুরুতর আহত তাসমিন নাহার লুসিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত সুমন রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ঘটনার পরদিন ১৪ নভেম্বর বিচারক আবদুর রহমান বাদী হয়ে লিমন মিয়াকে আসামি করে রাজপাড়া থানায় হত্যা মামলা করেন। পরে লিমন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে বিচারকের ছেলেকে হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টার কথা স্বীকার করেন তিনি।

তদন্ত শেষে পুলিশ লিমনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারিক কার্যক্রমে ২৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করা হয়।

আর্থিক সহায়তা বন্ধ করায় হুমকি

মামলার সূত্রে জানা যায়, বিচারক পরিবারের সঙ্গে লিমনের পরিচয় হয়েছিল কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে। বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসি সেখানে যাতায়াত করতেন। ওই সূত্রে লিমনের সঙ্গে তার পরিচয় হয়। বেকার লিমনকে মাঝেমধ্যে আর্থিক সহায়তা করতেন তিনি।

তবে পরবর্তী সময়ে খোঁজ নিয়ে লিমনকে প্রতারক বলে জানতে পারেন তাসমিন নাহার। একপর্যায়ে তাকে আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করে দিলে লিমন পরিবারটিকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন। ফোন করেও হত্যার হুমকি দেন।

এ ঘটনায় বিচারকের স্ত্রী রাজশাহীর রাজপাড়া থানা ও সিলেটের জালালাবাদ থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আদালত সূত্র জানায়, ঘটনার ১০ দিন আগে ৩ নভেম্বর সকালে লিমন বিচারকের মেয়ের ফেসবুক মেসেঞ্জারে কল করে পরিবারসহ হত্যার হুমকি দেন। তখন তাসমিন নাহার সিলেটে মেয়ের বাসায় ছিলেন। পরে ৬ নভেম্বর জালালাবাদ থানায় জিডি করেন তিনি।

ওই জিডিতে আর্থিক সহায়তা না পেয়ে লিমন তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছেন বলে উল্লেখ করা হয়। জালালাবাদ থানা পুলিশ তখন লিমনকে সন্দেহভাজন হিসেবে আটক করে আদালতে পাঠায়। পরে জামিনে মুক্ত হয়ে রাজশাহীতে গিয়ে এ হত্যাকাণ্ড ঘটান তিনি।

সেনাবাহিনীতে চাকরি হারানোর পর রাজনীতিতে যুক্ত হন

খোঁজ নিয়ে জানা যায়, লিমন মিয়া গাইবান্ধা সরকারি কলেজে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেন। পরে সেনাবাহিনীতে সিপাহি পদে যোগ দেন। তবে ২০১৮ সালে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তার চাকরি চলে যায়।

এরপর কিছুদিন বাড়িতে থাকার পর গজারিয়াহাট ও বালাসী ঘাট এলাকায় ছোটখাটো ব্যবসা শুরু করেন। ব্যবসায় সফল হতে না পেরে একপর্যায়ে ভবঘুরে জীবনযাপন শুরু করেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকায় ফিরে রাজনীতিতে সক্রিয় হন লিমন। পরে কঞ্চিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান। এরপর বিচারকের স্ত্রীর কাছে টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ, আপিল করবে আসামিপক্ষ

রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম জানান, মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচারক আবদুর রহমান, তার স্ত্রী তাসমিন নাহার লুসিসহ মোট ২৯ জন সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত এ রায় দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আরও বলেন, আসামি সেনাবাহিনীতে চাকরি করতেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুমনকে এমনভাবে ছুরিকাঘাত করেন, যাতে তার মৃত্যু নিশ্চিত হয়। আসামিপক্ষ থেকে লিমন মানসিকভাবে অসুস্থ বলে দাবি করা হয়েছিল। তবে মানসিক পরীক্ষায় তিনি সুস্থ মস্তিষ্কে হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রমাণিত হয়েছে।

অন্যদিকে, রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী মামুনুর রশীদ। তিনি বলেন, তার মক্কেলের প্রতি ন্যায়বিচার করা হয়নি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com