বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : মিনিস্টার ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ খুলনাকে হারিয়ে এই জয়ে আশার আলো বাঁচিয়ে রাখল। ঢাকা সহজ ম্যাচ কঠিন করে জিতলো! শেষ ওভারে জিততে ১১ রান দরকার ছিল। মনে হচ্ছিল, মঙ্গলবারের মতোই নাকি আবার শেষ ওভারে হেরে যায় মিনিস্টার ঢাকা।
বিপিএলের আরেকটি রোমাঞ্চ জাগানিয়া ম্যাচে প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্সের বিপক্ষে মিনিস্টার ঢাকার জয় ৫ উইকেটে। কিন্তু এবার শুভাগত হোম টানা দুই বলে দুই ছক্কা হাকিয়ে ম্যাচ জিতিয়ে দেন। খুলনা টাইগার্স মুশফিকুর রহিমদেরকে ৫ উইকেটে হারায় মিনিস্টার ঢাকা। লিগের দ্বিতীয় ম্যাচেই খুলনার কাছে হারের প্রতিশোধও নিল ঢাকা। হারলে বিদায়ের সম্ভাবনায় পড়ে যেত ঢাকা। আপাতত রক্ষা মিলে।
এই ম্যাচ হেরে গেলে ঢাকার প্লে সম্ভাবনায় চোট লাগত প্রবল। আপাতত কিছুটা স্বস্তি তারা পেল। হেরে গেলেও অবশ্য খুলনা ভালোভাবেই টিকে আছে শীর্ষ চারে থাকার লড়াইয়ে।
খুলনার মুশফিকুর রহিম টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সাকিব আল হাসানের ফরচুন বরিশালই শুধু টস জিতে দুইবার আগে ব্যাটিং করার সাহস দেখায়। জয়ও মিলে। কিন্তু মুশফিক সেই সাহস দেখিয়ে জিততে পারেননি। ১২৯ রান করে জয়ের কাছেও চলে যান। কিন্তু শেষপর্যন্ত শুভাগত’র টানা দুই ছক্কায় ১৩১ রান করে জিতে ঢাকা। সিকান্দার রাজা যদি ৫০ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬৪ রানের ইনিংস না খেলতেন, তাহলে ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১২৯ রানও করতে পারত না খুলনা। সঙ্গে সিকান্দার ও থিসারা পেরেরার সপ্তম উইকেটে ৩৯ ও অষ্টম উইকেটে সিকান্দার ও রুয়েল মিয়ার ৩২ রানের জুটি না হলেও এতদুর যাওয়া সম্ভব হতো না। ৫৮ রানেই যে ৬ উইকেট হারিয়ে বসেছিল খুলনা। আরাফাত সানি অসাধারণ বোলিং করে ৩ ওভারে ১ মেডেনসহ ১৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেন।
মাশরাফি বিন মর্তুজা, ওপেনার মোহাম্মদ শাহজাদ, নাঈম শেখকে বাইরে রেখেই একাদশ গঠন করা হয়েছিল। দলের ১২ রানেই দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরান উজ্জামানকে হারায় ঢাকা। এরপর তৃতীয় উইকেটে জহুরুল ইসলাম অমি ও রিয়াদ মিলে ৫৭ রানের জুটি গড়ে দলকে ৬৯ রানে নিয়ে যান। জহুরুল (৩০) এমন সময়ে আউট হওয়ার পর শামসুর রহমানকে নিয়ে চতুর্থ উইকেটে ৩২ রানের জুটি গড়েন রিয়াদ। দলকে ১৬ ওভারে ১০১ রানে নিয়ে গিয়ে রিয়াদ (৩৪) আউট হন।
তখন জিততে ২৪ বলে ২৯ রান দরকার ছিল। ভালোই চলছিল। ঢাকার জয়ের সম্ভাবনাও সহজেই দেখা হচ্ছিল। এখান থেকেই খানিক ছন্দপতন দেখার মিলে। ৫ রান যোগ হতেই শামসুর (২৫) আউট হয়ে যান। এরপর আর কোন উইকেট হারায়নি ঢাকা।
শুভাগত হোম ও আজমতুল্লাহ ওমারজাই মিলে দলকে জেতান
শুভাগত হোম ও আজমতুল্লাহ ওমারজাই মিলে দলকে জেতান। তবে পথ কঠিন হয়ে পড়েছিল। শেষ ১২ বলে জিততে ১৫ রান দরকার ছিল। ম্যাচ জেতা সহজই মনে হয়। কিন্তু খালেদ আহমেদ অসাধারণ বোলিং করেন। ১৯তম ওভারে মাত্র ৪ রান দেন। শুভাগত ও আজমতুল্লাহ ২ রান করে নিতে পারেন। শেষ ৬ বলে যখন ১১ রান লাগে, তখন মঙ্গলবার চট্টগ্রামের বিপক্ষে ঢাকার ম্যাচটির স্মৃতিই সবার সামনে চলে আসে।
আগের দিন শেষ ওভারে জিততে ৯ রান দরকার ছিল। নাঈম শেখের ব্যর্থতায় তা নেওয়া সম্ভব হয়নি। ঢাকা হেরেছিল। এবারও কী তাই হবে? যখন এমন আলোচনা, তখন পেরেরার টানা দুই বলে দুই ছক্কা হাকিয়ে দেন শুভাগত হোম। ৪ বল হাতে রেখেই ম্যাচ জিতে যায় ঢাকা। ৫ উইকেট হারিয়ে ১৯.২ ওভারে ১৩১ রান করে ম্যাচ জিতে। শুভাগত ৯ বলে ২ ছক্কায় অপরাজিত ১৮ ও আজমতুল্লাহ ৭ বলে ১ চারে অপরাজিত ১০ রান করে দলকে জেতান। দুইজন মিলে অবিচ্ছিন্ন ২৫ রানের জুটি গড়েন।
এই জয় না মিললে লিগ থেকে ছিটকে পড়ার সম্ভাবনায় থাকতে পারত ঢাকা। ৯ ম্যাচে ৭ পয়েন্ট থাকত। তাতে করে আর কোনভাবেই ১০ পয়েন্ট হতো না। চট্টগ্রাম ও খুলনার ১০ পয়েন্ট হওয়ার সম্ভাবনা থাকত। ম্যাচটি জিতে দীর্ঘশ্বাস নিতে পারছেন ঢাকার ক্রিকেটাররা। এখন ৯ ম্যাচে ৯ পয়েন্ট হলো। নিজেদের শেষ ম্যাচটিতে জিতলে প্লে-অফে চলে যাবে ঢাকা। আর যদি নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রাম হারে, তাহলেও প্লে-অফে খেলবে ঢাকা। তাতে করে খুলনাকে হারিয়ে প্লে-অফ খেলার আশা বাঁচিয়ে রাখল ঢাকা।
সংক্ষিপ্ত স্কোর ॥
প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স ॥ ২০ ওভারে ১২৯/৮ ফ্লেচার ৬, সৌম্য ১, জাকের ৫, ইয়াসির ০, মুশফিক ১২, মেহেদি ১৭, রাজা ৬৪, থিসারা ১২, রুয়েল ৮*; রুবেল ৪-০-২৬-১, ফারুকি ৪-০-৩২-১, সানি ৩-১-১৫-২, ওমরজাই ৪-০-১৫-২, কাইস ৩-০-১২-১, মাহমুদউল্লাহ ২-০-১৮-০)
মিনিস্টার ঢাকা ॥ ১৯.২ ওভারে ১৩১/৫ (তামিম ৬, ইমরান ৬, জহুরুল ৩০, মাহমুদউল্লাহ ৩৪, শামসুর ২৫, শুভাগত ১৮*, ওমারজাই ১০*; নাবিল ৪-১-১০-১, রুয়েল ৪-০-২১-১, খালেদ ৪-০-২৯-১, মেহেদি ১-০-১০-০, থিসারা ৩.২-০-৩৯-২, রাজা ২-০-১৬-০, ফ্লেচার ১-০-৫-০)
ফল : মিনিস্টার ঢাকা ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ ॥ আরাফাত সানি (মিনিস্টার ঢাকা)।