বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : এখন ক্রাইস্টচার্চে বাংলাদেশ ক্রিকেটাররা। মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে প্রথমবারের মতো হারিয়েছে। এবার দ্বিতীয় টেস্টে খেলতে নামার পালা। ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এজন্য মাউন্ট মঙ্গানুই থেকে ক্রাইস্টচার্চে গেছেন মুমিনুল, মুশফিক, লিটন, তাসকিন, এবাদতরা।
ক্রাইস্টচার্চে দুইদিন অনুশীলন করার সুযোগ মিলবে। আগামীকাল (শুক্রবার) ও পরশুদিন (শনিবার) অনুশীলন সেরে রবিবার থেকেই দ্বিতীয় টেস্টে খেলতে নামতে হবে। নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটিতে কখনোই কোন ম্যাচ জেতা যায়নি। এবার জেতা গেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়নদের হারানো গেছে। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও গেছে বাংলাদেশ। সিরিজ হারের আর কোন অপশন নেই। তবে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে টেস্ট সিরিজে হারানোর অপশন আছে। দ্বিতীয় টেস্টও বাংলাদেশ জিতে গেলে টেস্ট সিরিজও জেতা হয়ে যাবে। তা হয়ে গেলে তো কথাই নেই।
ক্রিকেটাররা প্রথম টেস্ট জেতায় অবশ্য ফুরফুরে মেজাজেই আছেন। মানসিকভাবে চাঙ্গা আছেন। আত্মবিশ্বাস অনেক বেড়েছে। তাতে দ্বিতীয় টেস্টেও জয় ধরা দিতেই পারে। তবে ক্রিকেটাররা পরিশ্রম করা ছাড়েননি। একটুও বিশ্রাম না নিয়ে মাউন্ট মঙ্গানুইয়েই ফিট থাকতে জিম সেশন করেছেন। এই সেশন করেই ক্রাইস্টচার্চে যাওয়ার বিমানে চড়েছেন।
বাংলাদেশ ক্রিকেট দলের ট্রেনার নিকোলাস ট্রেভর লি জানিয়েছেন, ‘দল ক্রাইস্টচার্চে পৌঁছেছে। গতকালের ফলাফল ও খেলোয়াড়দের চেষ্টা নিয়ে দলের সবাই অনেক খুশি। আগামী দুই দিনে পরের টেস্টের জন্য প্রস্তুত হতে হবে। ফ্লাইটের আগে ফাস্ট বোলাররা জিম করেছে। কাল সবাইকে প্রস্তুত করে তোলার কাজ করব।’