বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

বাংলাদেশ দলের স্পিনার কোচ হেরাথের করোনা পজিটিভ

স্পোর্টস ডেস্ক:: নিউ জিল্যান্ডে বাংলাদেশ জাতীয় দলের স্পিনার কোচ রঙ্গনা হেরাথ কোভিড পজিটিভ হয়েছেন। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের বহরের নয়জনের কোয়ারেন্টাইনের সময় আরো বেড়েছে।

নিউ জিল্যান্ডে বাংলাদেশ দলের প্রত্যেকের প্রথম দুই কোভিড পরীক্ষার ফল নেগেটিভ আসে। কিন্তু তৃতীয় পরীক্ষায় একমাত্র হেরাথই পজিটিভ হন। তাকে এরই মধ্যে আইসোলেশনে নেওয়া হয়েছে।

এদিকে বাংলাদেশ দল যে ফ্লাইটে নিউ জিল্যান্ডে গিয়েছে সেই ফ্লাইটের একজন যাত্রীর কোভিড পজিটিভ হয়েছে। তার আশেপাশে থাকায় দলের নয়জনের কোয়ারেন্টাইনের সময় বাড়ানো হয়েছে। মুমিনুল, ইয়াসির, ফজলে মাহমুদ ও মিরাজ রয়েছেন সেই তালিকায়। সঙ্গে আছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

৮ ডিসেম্বর দিবাগত রাত ১টায় এমিরেটসের একটি ফ্লাইটে নিউ জিল্যান্ডের উদ্দেশে রওনা দেন ক্রিকেটাররা। দীর্ঘ বিমান ভ্রমণ, ট্রানজিট মিলিয়ে শুক্রবার বাংলাদেশ সময় ভোরে ক্রাইস্টচার্চ পৌঁছায় তারা। সেখানেই চলছে ক্রিকেটারদের সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন।

শঙ্কায় না থাকা ও তিন টেস্টে নেগেটিভ আসা ক্রিকেটার এবং স্টাফরা মঙ্গলবার ক্রাইস্টচার্চের কোয়ারেন্টিন সেন্টার প্রাঙ্গণে দলগতভাবে ঘোরাফেরা করার সুযোগ পান। জিমে ঘাম ঝরান মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও নুরুল হাসান সোহানরা।

প্রসঙ্গত, পাকিস্তান সিরিজে দলের সঙ্গে ছিলেন না রঙ্গনা হেরাথ। স্পিন বোলিং কোচকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। দলের সঙ্গে দুবাইয়ে তিনি যোগ দিয়েছিলেন।

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে চলতি বছর দ্বিতীয়বারের মতো নিউ জিল্যান্ডে জাতীয় দল। এ বছরের ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশ সীমিত ওভারের ম্যাচ খেলতে নিউ জিল্যান্ড গিয়েছিল। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল। এবার শুধু দুটি টেস্ট খেলবে দুই দল।

নতুন বছরের প্রথম দিন মাউন্ট মঙ্গানুইতে আতিথেয়তা নেবে বাংলাদেশ। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় টেস্ট। ২০০১ থেকে ২০২১ সাল পর্যন্ত নিউ জিল্যান্ডে তিন ফরম্যাটে ৩২ ম্যাচ খেলেছে বাংলাদেশ। জিততে পারেনি কোনো ম্যাচে। এবার কি জয়খরা কাটাতে পারবে বাংলাদেশ?

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com