বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ৫০ ওভারে ২৬৫/৮ (হৃদয় ৩৩*, মোস্তাফিজ ৩*; সাইফ ০, তানজিদ ১, সৌম্য ১৮, লিটন ৭৬, শান্ত ১০৫, মিরাজ ২২, শরিফুল ১, তানভীর ০)
চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ২৬৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত সেঞ্চরি (১০৫) ও লিটন দাসের ফিফটিতে (৭৬) ভর করে ৮ উইকেটে ২৬৫ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস।
টস হেরে খেলতে নেমে শুরুর ধাক্কাতেই চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। উইল ও’রুর্কের বোলিংয়ে ৩২ রানে ৩ উইকেট হারিয়ে বসে তারা। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ান নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। দু’জন মিলে ১৭৮ বলে গড়েন ১৬০ রানের জুটি। এই জুটি স্থিতি এনে দেয় ইনিংসে। এরপর ধীরে ধীরে এগিয়ে নেয় শক্ত অবস্থানে।
চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়ে ইনিংসের ভিত গড়েন শান্ত। অন্যদিকে ৭৬ রানে থামেন লিটন। দুজনের আউটের পর শেষ দিকে গতি বাড়ানোর চেষ্টা করেন তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। যদিও সেভাবে রান পায়নি তারা। বরং দারুণ নিয়ন্ত্রণে বোলিং করেছে নিউজিল্যান্ড। শেষ পাঁচ ওভারে আসে মাত্র ৩৪ রান। দ্রুত পড়েছে স্বাগতিকদের ৩ উইকেট।
নিউজিল্যান্ডের হয়ে ৩২ রানে ৩টি নেন ও’রুর্ক। দুটি করে নেন বেন লিস্টার ও জেইডেন লেনক্স। একটি নিয়েছেণ ডিন ফক্সক্রফট।
দ্রুত পড়লো ৩ উইকেট
শেষ দিকে এসে রান বাড়িয়ে নেওয়ার চেষ্টায় ছিলেন মিরাজ। ১৮ বলে ২২ রান করেছিলেন। ৪৮তম ওভারে অবশ্য শেষ রক্ষা হয়নি। মেরে খেলতে গিয়ে ইয়াংয়ের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। মিরাজের বিদায়ে ২৫৬ রানে পড়ে ষষ্ঠ উইকেট। পরের ওভারে এক রান যোগ হতেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন শরিফুল ইসলামও। পতন হয় সপ্তম উইকেটের। একই ওভারে অর্থাৎ ৪৯তম ওভারের চতুর্থ বলে ক্যাচ দিয়ে ফেরেন তানভীল ইসলামও।
সেঞ্চুরির পরই আউট শান্ত
চতুর্থ সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ আর স্থায়ী হয়নি শান্তর ইনিংস। তীব্র গরমে লম্বা সময় ধরে খেলায় তার অস্বস্তি বোঝা যাচ্ছিলো। শেষ পর্যন্ত ৪৩তম ওভারে লেনক্সের ঘূর্ণিতে থামে তার ইনিংস। ১১৯ বলে ১০৫ রানে ক্যাচ দিয়ে ফিরেছেন শান্ত। তার ইনিংসে ছিল ৯টি চার ও ২টি ছক্কা।
চতুর্থ সেঞ্চুরির দেখা পেলেন শান্ত
শুরু থেকে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। লিটনের সঙ্গে জুটি গড়েও খেলেছেন। এই সময় টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন তিনি। পরে ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিয়েছেন। শান্ত চতুর্থ ওয়ানডে সেঞ্চুরির দেখা পেয়েছেন ১১৪ বলে।
শুরুর ধাক্কার পর চতুর্থ উইকেটে ১৬০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। শেষ দিকে এসে হাত খুলে মারছিলেন লিটন। তার মাশুলও দিয়েছেন। বামহাতি স্পিনার লেনক্সের বলে উইকেট ছেড়ে খেলার চেষ্টায় ছিলেন। কিন্তু ঘূর্ণিতে পরাস্ত হওয়ায় বোল্ড হয়েছেন ৭৬ রানে। লিটনের ৯১ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছয়। লিটন ওয়ানডেতে ফিফটি পেয়েছেন ১৯ ইনিংস পর!
ফিফটির দেখা পেয়েছেন লিটনও
চতুর্থ উইকেটে জুটি গড়ে দলকে দিশা দেখাচ্ছেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। শান্তর পর ফিফটি তুলে নিয়েছেন লিটনও। লিটন ১৩তম ওয়ানডে ফিফটির দেখা পেয়েছেন ৭১ বলে। তাদের পার্টনারশিপ একশও ছাড়িয়েছে।
শান্তর টানা দ্বিতীয় ফিফটি
৩২ রানে তিন উইকেট পড়ার পর জুটি গড়ে দলকে স্থিতি এনে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। জুটি গড়েছেন তারা। শান্ত সিরিজে টানা দ্বিতীয় ফিফটির দেখাও পেয়েছেন। তার পঞ্চাশ পূরণ হয়েছে ৭০ বলে। এটা তার ক্যারিয়ারের ১২তম ফিফটি।
ও’রুর্কের তৃতীয় শিকার সৌম্য
৯ রানে দ্বিতীয় উইকেট পতনের পর জুটি গড়ার চেষ্টায় ছিলেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। বড় ইনিংসের ইঙ্গিত দিচ্ছিলেন সৌম্য। কিন্তু নবম ওভারে সেই ও’রুর্কের গতি আর বাউন্সের কাছে পরাস্ত হয়েছেন। বল স্টাম্পে টেনে এনে বোল্ড হয়েছেন ১৮ রানে। তাতে ৩২ রানে পতন হয়েছে তৃতীয় উইকেটের।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৩ ওভারের মধ্যে ফিরেছেন দুই ওপেনার। উইল ও’রুর্কের করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন সাইফ হাসান (০)। এক ওভার বিরতি দিয়ে আবারও আঘাত হানেন ও’রুর্ক। তার বাউন্সি বলে ইনসাইড এজে বোল্ড হয়েছেন আরেক ওপেনার তানজিদ হাসানও (১)।
শেষ ওয়ানডেতেও বাংলাদেশের টস ভাগ্য সহায় হয়নি। টানা তিন ম্যাচেই টস জিতলো নিউজিল্যান্ড। চট্টগ্রামে এবার অবশ্য টস জিতে শুরুতে বোলিং নিয়েছে সফরকারী দল। বাংলাদেশ এবার প্রথমে ব্যাট করবে।
চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল ১১টায়। ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। তাই তৃতীয় ওয়ানডেটা সিরিজ নির্ধারণী।
শেষ ম্যাচের একাদশে পরিবর্তন এনেছে স্বাগতিক বাংলাদেশ। বাদ পড়েছেন রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ। ফিরেছেন মোস্তাফিজুর রহমান ও স্পিনার তানভীর ইসলাম। নিউজিল্যান্ড একাদশে পরিবর্তন একটি। বাদ পড়েছেন ব্লেয়ার টিকনার, তার জায়গায় এসেছেন বেন লিস্টার।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, জেডেন লেনক্স, উইলিয়াম ও’রুর্ক ও বেন লিস্টার।