বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
মুজিবুর রহমান বাবু, ই-কন্ঠ২৪ ডটকম : বাংলাদেশ এক ঐতিহাসিক ইতিহাস গড়ার পথে। মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থদিন শেষ হওয়ার পর খেলা যেখানে আছে, তাতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। ড্র’র পথে এগিয়ে যেতে থাকা বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্টটি হঠাৎ করেই বাংলাদেশের দিকে হেলে পড়েছে। এবাদত হোসেনের (৪/৩৯) বোলিং তান্ডবে সেই আশা দেখা হচ্ছে। ১৭ রানে এগিয়ে নিউজিল্যান্ড।
তবে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৪৭ রান করতে পেরেছে। আগামীকাল পঞ্চম ও শেষদিনে এই জয় নিয়েই হয়ত মাঠ ছাড়বেন বাংলাদেশ ক্রিকেটাররা। টি২০ বিশ্বকাপ থেকে হারের গোলকধাধায় আটকে পড়া বাংলাদেশ দলের ক্রিকেটারদের তাতে মহা স্বস্তি মিলবে। নিউজিল্যান্ডের মাটিতে কখনোই টেস্ট জেতা যায়নি। এমনকি ড্র’ও করা যায়নি। ড্র হলেই শান্তি মিলত। সেখানে জয়ের আশা জেগে গেছে। তা হলে অনেক বড় প্রাপ্তি মিলবে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ৩২৮ রানের জবাবে প্রথম ইনিংসে ৪৫৮ রান করেছে বাংলাদেশ।
তৃতীয়দিন ২০ রানে মেহেদি হাসান মিরাজ ও ১১ রানে ইয়াসির আলী রাব্বি ব্যাট করছিলেন। ৬ উইকেটে ৪০১ রান করেছিল বাংলাদেশ। চতুর্থদিন দলকে ৪৪৫ রানে নিয়ে যান দুইজন। আশা ছিল, দেড়শ রানে এগিয়ে থাকতে পারবে বাংলাদেশ। কিন্তু দলের ৪৪৫ রানে মিরাজ (৪৭) আউট হতেই মুহূর্তের মধ্যে অলআউট হয়ে যায় বাংলাদেশ। শেষে ১৩ রানেই ৪ উইকেট হারায়। রাব্বি ২৬ রান করেন। ট্রেন্ট বোল্ট ৪ উইকেট শিকার করেন। প্রথম ইনিংসেই ১৩০ রানে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থদিন শেষ হওয়ার আগে বাংলাদেশ পেসার এবাদত হোসেন এমনই বোলিং ঝলক দেখান, বাংলাদেশের জয়ের সম্ভাবনাই তৈরী করে দেন। টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ৪ উইকেট শিকার করে নেন।
নিউজিল্যান্ডের স্কোরে যখন ১৩৬ রান হয়, এই সময়ই ৩ উইকেট শিকার করে নেন এবাদত। বড় ইনিংস গড়ার ইঙ্গিত দেওয়া উইল ইয়ংকে (৬৯) যখন বোল্ড করে দেন এবাদত, তখনই যেন বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রন নিয়ে ফেলে। বাংলাদেশের এগিয়ে থাকা ১৩০ রান অতিক্রম করা হয়ে যায়। তবে বিপদেই পড়ে থাকে নিউজিল্যান্ড। এখন রস টেইলরই (৩৭*) নিউজিল্যান্ডের ভরসা। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেই টেস্ট থেকে অবসর নেবেন টেইলর।
এ ব্যাটারকেই এখন আটকাতে হবে। না হলে আবার টেস্ট জয়ের আশা না হতাশায় পরিণত হয়ে যায়। এরআগেও এমনটি হয়েছে। তাই সাবধানেই এখন বাংলাদেশ ক্রিকেটারদের এগিয়ে যেতে হবে। পঞ্চমদিনে নিউজিল্যান্ড যত রান করবে, তা টার্গেটে যোগ হতে থাকবে। যে অবস্থা দেখা যাচ্ছে, তাতে পঞ্চমদিনের প্রথম সেশনটিই বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই সেশনে যদি নিউজিল্যান্ডের হাতে থাকা টেইলর, রাচিন রবীন্দ্রসহ (৬*) ৫ উইকেট শিকার করে নেওয়া যায়, তাহলে ম্যাচের ফল বাংলাদেশের পক্ষেই যেতে পারে। তখন ১৫০ রানের বেশি টার্গেট বাংলাদেশের সামনে পড়বে না। তাতে করে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতাও সম্ভব হয়ে উঠতে পারে। সেই সুবাতাসই মিলছে।
স্কোর : চতুর্থ দিন শেষে ॥ নিউজিল্যান্ড প্রথম ইনিংস ৩২৮/১০; কনওয়ে ১২২, ইয়ং ৫২, নিকোলাস ৭৫; শরিফুল ৩/৬৯, মিরাজ ৩/৮৬, মুমিনুল ২/৬ ও দ্বিতীয় ইনিংস ১৪৭/৫; ইয়ং ৬৯, টেইলর ৩৭*, রাচিন ৬*; এবাদত ৪/৩৯।
বাংলাদেশ প্রথম ইনিংস তৃতীয় দিন ৪০১/৬; জয় ৭৮, মুমিনুল ৮৮, লিটন ৮৬, মুশফিক ১২, রাব্বি ১১*, মিরাজ ২০*; বোল্ট ৩/৬১, ওয়াগনার ৩/৯৮ ও চতুর্থ দিন ৪৫৮/১০; মিরাজ ৪৭, রাব্বি ২৬; বোল্ট ৪/৮৫, ওয়াগনার ৩/১০১।