বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

দ. আফ্রিকায় এমন কিছু করতে চাই, যা বাংলাদেশের অন্য কোনো দল করেনি

স্পোর্টস রিপোর্টার:: দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের প্রাপ্তির খাতা শূন্য। যতবার খেলেছে, অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে ততবার। ২০১৭ সালের পর আবার আফ্রিকান দেশটিতে সফর করেছে বাংলাদেশ তিন ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে। ১৮ মার্চ একদিনের ক্রিকেট দিয়ে শুরু হবে এই আসর। সবশেষ বিদেশের মাটিতে আছে দারুণ সাফল্য, নিউ জিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়। তামিম ইকবাল-তাসকিন আহমেদ সেই সাফল্য থেকে অনুপ্রাণিত হওয়ার কথা বলেছেন। এবার প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও বিশ্বাস করেন, বাংলাদেশ অভূতপূর্ব কিছু একটা করবে দক্ষিণ আফ্রিকার মাটিতে।

এ কয়েকদিন বাংলাদেশ ওয়ান্ডারার্সে অনুশীলন করেছিল। ওয়ানডে সিরিজ সামনে রেখে আজ থেকে সেঞ্চুরিয়নে শুরু হয় তামিম-সাকিবদের অনুশীলন।

বুধবার (১৬ মার্চ) দলের অনুশীলনের এক ফাঁকে দক্ষিণ আফ্রিকান কোচ জানালেন, তার দল আন্ডারডগ হলেও এবার এমন কিছু করবে যা আগে কখনো ঘটেনি। দক্ষিণ আফ্রিকাকে ফেভারিট মেনে নিয়ে ডমিঙ্গো বললেন, ‘আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের প্রত্যাশা করছি। দক্ষিণ আফ্রিকা নিশ্চিতভাবে ফেভারিট হয়ে শুরু করবে। তারা তাদের কন্ডিশনে খেলবে, যেখানে তাদের হারানো কঠিন। আমাদের তুলনায় তারাই এগিয়ে থাকবে। তবে আমরা আন্ডারডগ হিসেবে মাঠে নামলেও আপাতত তা আমাদের সঙ্গে মানানসই। বিশেষ কিছু করার জন্য এবার আমাদের সামনে সূবর্ণ সুযোগ। আমরা এমন কিছু করতে চাই, যেটা বাংলাদেশের অন্য কোনো দল এখানে এসে করতে পারেনি।’

বাংলাদেশ এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১টি ওয়ানডে খেলেছে। তার মধ্যে ৪টি জয় আর ১৭টি হার। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে ৯ ওয়ানডে খেলে সবকটিতেই হার। ওয়ানডেতে দীর্ঘ সময় ধরে খেলার সুফল এবার পাওয়া যাবে আশা ডমিঙ্গোর, ‘আমার মনে হয় না আমরা এখানে ফেভারিট। কদিন আগেই তারা ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। এর আগে কখনো এখানে ম্যাচ জিতিনি, তাই আমরা আন্ডারডগ হিসেবেই এসেছি। তবে আমরা আমাদের ওয়ানডে দল নিয়ে আশাবাদী। আমরা লম্বা সময় ধরে ওয়ানডেতে ভালো খেলছি। দলের সবাই তাদের ভূমিকা সম্পর্কে জানে।’

বছরের শুরুতেই ডমিঙ্গোর অধীনে বাংলাদেশ নিউ জিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়েছিল। এবার নিজ দেশ দক্ষিণ আফ্রিকাকে বধ করার মিশন তার সামনে। ডমিঙ্গো কী পারবেন?

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com