বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

তাসকিন ও শরিফুল দক্ষিণ আফ্রিকায় জয়ে ভুমিকা রাখতে চান

পেস বোলিং কোচ এ্যালান ডোনাল্ড (ডানে) ও পাওয়ার হিটিং কোচ এ্যালবি মরকেল ছবি : বিসিবি

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ বাংলাদেশ কোন ফরমেটেই কখনো জিততে পারেনি দক্ষিণ আফ্রিকায়। কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকেই বাংলাদেশ পেয়েছে বিশ্বকাপ শিরোপা। তবে সেটি যদিও যুব বিশ্বকাপ জয়। তবুও দেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন এটিই। সেটিই ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটি থেকে অর্জন করা গেছে। এবার কী তাহলে দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো কোন ম্যাচে হারানো যাবে? দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের আশা দলের জয়ে যেন ভুমিকা রাখতে পারেন।

এ্যালান ডোনাল্ড বাংলাদেশ দলের পেস বোলিং কোচ। তিনি এখন বাংলাদেশ দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকাতেই আছেন। নিজ দেশের বিপক্ষে বাংলাদেশের খেলা। আবার দক্ষিণ আফ্রিকাতেই। ডোনাল্ডের এমনিতেই উইকেট সম্পর্কে খুব ভালো জানা। আর দক্ষিণ আফ্রিকার উইকেট মানেই হচ্ছে পেস বান্ধব উইকেট। ডোনাল্ডের কাছ থেকে পেস বোলিং নিয়ে ভালোভাবে জানতেও শুরু করেছেন বাংলাদেশ পেসাররা। ওয়ানডেতে বাংলাদেশের তিন পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে নিয়েই আশা দেখা হচ্ছে। আর টেস্টে তাসকিন ও শরিফুল ভালো কিছু করে দেখাবেন, সেই প্রত্যাশাও করা হচ্ছে। তাসকিন ও শরিফুল নিজেরাও সেই আশা করছেন।

জয়ের পেছনে যেন আমার ভূমিকা থাকে ॥ তাসকিন আহমেদ

 


তাসকিন আহমেদ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে বাংলাদেশ ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকা গেছেন।
তাসকিন আহমেদ যেমন বলেছেন, ‘বোলারদের জন্য তো একটু চ্যালেঞ্জ হবেই। আবার মজাও আছে। দক্ষিণ আফ্রিকায় স্বাগতিকদের বিপক্ষে ভালো করা গেলে বিশাল আত্মবিশ্বাস পাওয়া যাবে। রান হবে ধরে নিলেই হবে না। এখানেও তো অনেক বোলার ভালো করেছে, ম্যাচ জিতিয়েছে, ৫ উইকেট পেয়েছে। রান হবে। কিন্তু শুরুতেই এটা ভেবে নিলে বোলারদের জন্য চাপ সৃষ্টি হবে। আমরা চাইব এখান থেকেও ভালো করে যেন একটা জয় আনতে পারি, নিজেদের সেরাটা দিতে পারি। জয়ের পেছনে যেন আমার ভূমিকা থাকে। শুধু পাঁচটা কেন, উইকেট বেশিও হতে পারে, কমও হতে পারে। দলে যেন আমার অবদান থাকে, সেটাই চাই।’

দল হিসেবে খেললে এখান থেকে ভালো কিছু অর্জন নিয়ে দেশে ফিরতে পারব ॥ শরিফুল ইসলাম

 

শরিফুল ইসলাম

যুব বিশ্বকাপ জেতা দলের অন্যতম সদস্য ছিলেন শরিফুল। এখন জাতীয় দলের নিয়মিত পেসার। এবারও দক্ষিণ আফ্রিকা সফর থেকে ভালো কিছু অর্জন করে দেশে ফিরতে চান শরিফুল। তিনি জানান, ‘আলহামদুলিল্লাহ্ খুব ভালো লেগেছে। যখন শুনেছি দক্ষিণ আফ্রিকায় সিরিজ আছে আমাদের। তখন মনে হয়েছে এখানে আমরা অনূর্ধ-১৯ বিশ্বকাপ জিতেছি যা আগে কেউ কখনও করেনি। অবশ্যই আমাদের দল নিয়ে আমি অনেক আত্মবিশ্বাসী। কারণ, দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। সবাই কিছু না কিছু-ব্যাটিং, বোলিং বা ফিল্ডিংয়ে ভালো করছে। দল হিসেবে খেললে এখান থেকে ভালো কিছু অর্জন নিয়ে দেশে ফিরতে পারব।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com