বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : ওয়ানডেতে আগে থেকেই রয়েছেন শীর্ষে। পর্যাপ্ত টেস্ট না খেলায় সাদা পোশাকের র্যাংকিংয়ে রয়েছেন চারে। এবার চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যানস দিয়ে ২০ ওভারের অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেন সাকিব আল হাসান। বাংলাদেশ খুব একটা ভাল না করলেও ব্যাটে-বলে দারুণ নৈপুণ্যের ফল পেলেন সাকিব আল হাসান। ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আগে থেকেই শীর্ষে থাকা এ তারকা ছোট্ট ফরমেটে ফের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করলেন। বুধবার ইংল্যান্ডের বিপক্ষে খেলার আগে পর্যন্ত চার ম্যাচে ১১ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ শিকারি সাকিবের বোলিং ইকোনমি (৪.৭৩) ও গড় (৬.৪৫) দুটোই ঈর্ষণীয়। ব্যাট হাতে ২৯.৫০ গড়ে করেছেন ১১৮ রান।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে চার ম্যাচে ১১ উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশের অলরাউন্ডার সাকিব।
এক টুর্নামেন্টে কোনো বাংলাদেশী হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারিও এখন এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার সাকিব। এমন পারফরম্যানসের সুবাদে ২০ রেটিং বেড়ে বর্তমানে ২৯৫ রেটিং নিয়ে শীর্ষস্থানে ফিরেছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার।
অন্যদিকে ১০ রেটিং কমে ২৭৫ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেলেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। ১৬৫ রেটিং নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও নামিবিয়ার জে জে স্মিট।