বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

ছক্কা খেয়ে মাথা গরম! বাংলাদেশের আফিপকে বল ছুড়ে মারলেন আফ্রিদি

মাথা গরম করে ফেললেন শাহিন শাহ আফ্রিদি

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : ম্যাচ জিততে সমস্যা হয়নি পাকিস্তানের তবুও ছক্কা খেয়ে মাথা গরম করলেন শাহিন শাহ আফ্রিদি! সিরিজ জেতাও হয়ে গিয়েছে। তবু মাথা গরম করে ফেললেন শাহিন শাহ আফ্রিদি। বিপক্ষের ব্যাটারকে বল ছুড়ে মারলেন।

বাংলাদেশের ব্যাটার আফিফ হোসেনের পায়ে ইচ্ছাকৃতভাবে বল থ্রো করার অপরাধে পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদিকে জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে নেয়া হয়েছে আফ্রিদির। একই সঙ্গে তার আমলনামায় একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে।

ঘটনাটি শনিবার পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে। বাংলাদেশ ইনিংসের তৃতীয় ওভারে বল করছিলেন আফ্রিদি। আফিফ হোসেন ব্যাট করতে নেমে প্রথম বলেই ছয় মারেন আফ্রিদিকে। পরের বলটি আফ্রিদি ফুল লেংথে রাখেন। আফিফ স্ট্রেট ড্রাইভ মারেন। আফ্রিদি বল ধরে স্টাম্প লক্ষ্য করে ছোড়েন। বল আফিফের পায়ে লাগে।

ওই বল ছোড়ার কোনও দরকারই ছিল না। কারণ আফিফ সারাক্ষণ ক্রিজের ভিতরেই ছিলেন। পরিষ্কার বোঝা যায় আগের বলে ছক্কা খেয়ে রেগে গিয়েছেন আফ্রিদি।

নিজের ভুল বুঝতে পেরে আফ্রিদি সঙ্গে সঙ্গে আফিফের কাছে ক্ষমা চেয়ে নেন। আফিফের চোট লেগেছে কি না, তা নিজে গিয়ে দেখে আসেন। এই ঘটনার ভিডিয়ো ভাইরালও হয়েছে।

শনিবার বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১০৮ রান তোলে। জবাবে পাকিস্তান ১১ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জিতে যায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com