শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
এস এম সাঈদুর রহমান সোহেল,খুলনা ব্যুরো:
সবার দৃস্টি এখন খুলনায়। খুলনা সিটি কর্পোরেশনের পঞ্চম দফা নির্বাচন কাল মঙ্গলবার। সব ধরণের প্রচার-প্রচারণা শেষ হয়েছে রোববার রাত ১২টায়। আজ সোমবার থেকে ভোট গ্রহণ পর্যন্ত প্রার্থী বা তার কর্মী-সমর্থকরা কোন ধরণের প্রচারণা চালাতে পারবেন না।
এদিকে, নির্বাচন কমিশন ইতিমধ্যেই ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। আজ সোমবার দুপুর থেকে ভোট কেন্দ্রগুলোতে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম প্রেরণ শুরু হয়েছে। এর আগে রোববার কেসিসি নির্বাচনের নিরাপত্তায় রোববার সকাল থেকে নগরীতে ১৬ প্লাটুন বর্ডারগার্ড বাংলাদেশ-বিজিবি সদস্য মোতায়েন করা হয়। শহরে টহল দিচ্ছে র্যাব-পুলিশ ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা। পুরো শহর এখন আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে।
এদিকে, সোমবার দুপুর থেকে মহানগরীর সোনাডাঙ্গাস্থ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে প্রিজাইডিং অফিসারদের নির্বাচনী মালামাল বুঝিয়ে দেন কেসিসি নির্বাচনের রিটার্ণিং কর্মকর্তা মোঃ ইউনুচ আলী। সন্ধ্যার মধ্যেই সব মালামাল কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে। পুলিশ ও আনসার সদস্যরাও ইতিমধ্যে কেন্দ্রে অবস্থান করছেন। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে টহল দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নগরীর ৩১টি ওয়ার্ডের ২৮৯টি ভোট কেন্দ্রের ১ হাজার ৫৬১টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৪ লাখ ৯৩ হাজার ৯৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ২ লাখ ৪৮ হাজার ৯৮৬জন পুরুষ এবং ২ লাখ ৪৪ হাজার ১০৭জন মহিলা ভোটার রয়েছে।
নগরীর ২৪নং ওয়ার্ডের সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৭নং ওয়ার্ডের পিটিআই কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তথ্যমতে, ২৮৯টির মধ্যে ২৩৪টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।
নির্বাচনে ৫জন মেয়র, ৩১টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ১৪৮ এবং ১০টি সংরক্ষিত আসনে লড়ছেন ৩৯জন নারী প্রার্থী। মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত তালুকদার আব্দুল খালেক, বিএনপি মনোনীত নজরুল ইসলাম মঞ্জু, জাতীয় পার্টির এসএম শফিকুর রহমান মুশফিক, ইসলামী আন্দোলনের মাওলানা মুজ্জাম্মিল হক ও সিপিবি’র মিজানুর রহমান বাবু। তবে, অন্য তিনটি দলের তিন প্রার্থী খুব একটা আলোচনায় নেই। মূলত আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থীর মধ্যেই হচ্ছে কেসিসি মেয়র পদের মূল লড়াই।
কেসিসি নির্বাচনের রিটার্ণিং কর্মকর্তা ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী এ প্রতিবেদককে বলেন, ব্যালট বাক্স, অমোচনীয় কালী এবং সীলসহ নির্বাচনী সরঞ্জাম সোমবার দুপুর থেকে ভোট কেন্দ্রে প্রেরণ শুরু হয়েছে। ভোটের নিরাপত্তায় বিজিবি ও র্যাব-পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে। সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।