বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা ব্যাটিংয়ে বাংলাদেশের মুশফিকুর রহিম এবং বোলিংয়ে বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ মনোনয়ন পেয়েছেন। গত বছর মে মাসে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসে শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় ম্যাচেই লঙ্কানদের বিপক্ষে ১২৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মুশফিক। বিপদের সময় হাল ধরে ম্যাচটিতে জিতিয়ে ম্যাচ সেরাও হন।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে মুশফিককে মনোনয়ন দেওয়া হয়েছে। ব্যাটিংয়ে মুশফিকের সঙ্গে এ মনোনয়নে আছেন নিউজিল্যান্ডের টম ল্যাথাম, ইংল্যান্ডের বেন স্টোকস ও স্যাম কুরান, পাকিস্তানের বাবর আজম ও ফখর জামান, আয়ারল্যান্ডের অ্যান্ডি বালবির্নি, ইংল্যান্ডের জেমস ভিন্স, ভারতের দিপক চাহার ও দক্ষিণ আফ্রিকার জানেমান মালান।
বোলিং পারফরম্যান্সে পুরস্কারের জন্য বাংলাদেশের দুইজন বিবেচনায় আছেন। সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ। ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭.২ ওভার বল করে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন সাকিব। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই গত বছরের শুরুতেই বাংলাদেশের হয়ে সবচেয়ে কম রানে ৪ উইকেট নেয়ার রেকর্ডও গড়েন সাকিব। তাতেই মনোনয়ন পেয়েছেন।
মেহেদি হাসান মিরাজ

গতবছর মে মাসে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতেই ১০ ওভার বল করে ২টি মেডেনসহ ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। বাংলাদেশও ৩৩ রানের ব্যবধানে জিতে। এমন নৈপুন্যই মিরাজকে বর্ষসেরা বোলিং পারফরম্যান্সের তালিকায় এনেছে।
বোলিংয়ে সাকিব ও মিরাজ ছাড়াও বর্ষসেরা বোলিং পারফরম্যান্সের জন্য মনোনীত হয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, ভারতের প্রাসিদ কৃষ্ণা, শ্রীলঙ্কার দুষ্মন্তে চামিরা, ইংল্যান্ডের ক্রিস ওকস, স্যাম কুরান, সাকিব মাহমুদ, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং দক্ষিণ আফ্রিকার তাবরেইজ শামসি।