বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : ইন্দোনেশিয়ায় চার দল নিয়ে অনুষ্ঠিত আইএসএসএফ গ্রাঁ প্রিঁ শূটিংয়ে আরেকটি ব্রোঞ্জ পদক উপহার দিলেন বাংলাদেশের শূটাররা। চার দল নিয়ে হওয়া প্রতিযোগিতায় ব্রোঞ্জের লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে আইএসএসএফ শুটিংয়ে ৫ পদক পেল বাংলাদেশের ঝুলিতে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি পজিশনের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ১৭-১৫ পয়েন্ট ব্যবধানে সিঙ্গাপুরকে হারায় শোভন চৌধুরী, রাব্বী হাসান মুন্না ও মোহাম্মদ আলীকে নিয়ে গড়া বাংলাদেশ দল।
সব মিলিয়ে এ প্রতিযোগিতায় পঞ্চম পদক জিতল বাংলাদেশ। এর আগে ১০ মিটার এয়ার রাইফেলের পুরুষ দলগত বিভাগে সিঙ্গাপুরের বিপক্ষে ১৬-১৪ ব্যবধানে হেরে রুপা পেয়েছিলেন শোভন-রাব্বী-আলী।
দশ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত বিভাগে নাফিসা তাবাস্সুম ও মোহাম্মদ আলি ব্রোঞ্জ জিতেছিলেন। আসরে বাংলাদেশ প্রথম পদক পেয়েছিল নাফিসার হাত ধরে। ব্যক্তিগত ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি।
মেয়েদের দশ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে ব্রোঞ্জ পেয়েছিল নাফিসা তাবাস্সুম, সৈয়দা আতকিয়া হাসান দিশা ও সাজিদা হককে নিয়ে গড়া বাংলাদেশ দল।