বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক টি-২০ তে রেকর্ড গড়ে র‌্যাঙ্কিংয়ে ১ নম্বরে ভারত

রোহিতের অনন্য অধিনায়কত্ব ইতিহাস

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪ ডটকম : তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর, সমসংখ্যক ম্যাচের টি-২০ সিরিজেও কায়রন পোলার্ডদের প্রত্যাশিত ভাবে চুনকাম করল রোহিত শর্মার টিম ইন্ডিয়া। গত রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে ২০ ওভারের ফরম্যাটে তৃতীয় তথা শেষ ম্যাচে ভারত ১৭ রানে জিতে মধুরেণ সমাপয়েৎ করে সিরিজের।

এই জয়ের সুবাদেই আইসিসি আন্তর্জাতিক টি-২০ দলীয় র‌্যাঙ্কিংয়ে এক নম্বর আসনটা নিশ্চিত করল টিম ইন্ডিয়া। ভারত সিংহাসন থেকে সরিয়ে দিল ইংল্যান্ডকে। আইসিসির ওয়েবসাইট বলছে এই মুহূর্তে ভারত-ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ২৬৯। কিন্তু ৩৯ ম্যাচের শেষে মোট পয়েন্টে এগিয়ে রোহিত অ্যান্ড কোং। ভারতের পয়েন্ট ১০,৪৮৪। ১০ পয়েন্টে পিছিয়ে ইংল্যান্ড দাঁড়িয়ে ১০, ৪৭৪। ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের পর এই প্রথম ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ভারত ফের র‌্যাঙ্কিংয়ের মগডালে বসল। অর্থাৎ দীর্ঘ ৬ বছর পরে একে টিম ইন্ডিয়া।

অন্যদিকে রোহিত অধিনায়ক হিসাবে করলেন অনন্য রেকর্ড। তাও পয়মন্ত ইডেন গার্ডেন্সে। রোহিত প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে অনন্য আন্তর্জাতিক টি-২০ রেকর্ড করলেন। দলকে নেতৃত্ব দিয়ে তিন বা তার বেশিবার বিপক্ষকে টি-২০ ক্রিকেটে হোয়াইটওয়াশ করলেন তিনি। এর আগে রোহিতের নেতৃত্বে টিম ইন্ডিয়া ২০১৭ সালে শ্রীলঙ্কা, ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ ও চলতি বছর নিউজিল্যান্ডকে ২০ ওভারের ফরম্যাটে হোয়াইটওয়াশ করে। এই রেকর্ডে রোহিতের আগে রয়েছেন বিশ্বের আর দুই ক্রিকেটার। পাকিস্তানের সরফরাজ আহমেদ (৫) ও আফগানিস্তানের আসগর আফগান (৪)। তবে ওয়েস্ট ইন্ডিজ আপাতত অতীত। রোহিতের ভারত এবার ঘরের মাঠে আমন্ত্রণ জানাচ্ছে শ্রীলঙ্কাকে। খেলা হবে লাল বলে ও সাদা বলে।

ভারত ও শ্রীলঙ্কা তিনটি টি-২০ ও জোড়া টেস্ট খেলবে। আগে জানা গিয়েছিল যে, লাল বলের ক্রিকেটে জোড়া ম্যাচের পরেই হবে ক্রিকেটের ছোট সংস্করণের তিনটি ম্যাচ। কিন্তু বিষয়টি পরে উল্টে যায়। ভারতও শ্রীলঙ্কার বাইশ গজের লড়াই শুরু হবে টি-২০ ম্যাচ দিয়েই। টেস্ট হবে পরে।

ভারত ও শ্রীলঙ্কা সম্পূর্ণ সূচি ॥

প্রথম টি-২০ ম্যাচ- ২৪ ফেব্রুয়ারি, লখনউ
দ্বিতীয় টি-২০ ম্যাচ- ২৬ ফেব্রুয়ারি, ধরমশালা
তৃতীয় টি-২০ ম্যাচ-২৭ ফেব্রুয়ারি, ধরমশালা
প্রথম টেস্ট- ৪ থেকে ৮ মার্চ, মোহালি
দ্বিতীয় টেস্ট- ১২ থেকে ১৬ মার্চ, বেঙ্গালুরু

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com