শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
এস এম সাঈদুর রহমান সোহেল,খুলনা ব্যুরো:
আর একবার নগরবাসীর সেবা করার সুযোগ চাইলেন আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। সোমবার দুপুরে মহানগরীর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, মোংলা রামপাল ছেড়ে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় খুলনায় নির্বাচন করছি। আমি জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত খুলনাবাসীর সেবা করতে চাই। আমি মেয়র নির্বাচিত হলে সিটি কর্পোরেশনের সকল দুর্নীতির চিত্র জনগনের সামনে তুলে ধরবো। বিএনপি প্রার্থী মঞ্জুর সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের পুলিশ গ্রেফতারের অভিযোগের বিষয়ে খালেক বলেন, যাদের পুলিশ গ্রেফতার করছে আমার জানা মতে, তারা বিভিন্ন মামলার আসামি। তিনি বলেন, বিভিন্ন পাড়া মহল্লায় আওয়ামী লীগের ব্যাজ ধারণ করে গোপনে বিরোধী কাজ করছে বলে জানা গেছে। তাছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে বলেও তিনি আশা করেন। আওয়ামী লীগের কাউকে গ্রেফতার করা হয়েছে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কয়েকজনকে ধরেছে। তবে তিনি তাদের নাম-পরিচয় জানাতে পারেননি।
কেসিসি নির্বাচনের রিটার্ণিং কর্মকর্তা ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী এ প্রতিবেদককে বলেন, ব্যালট বাক্স, অমোচনীয় কালী এবং সীলসহ নির্বাচনী সরঞ্জাম সোমবার দুপুর থেকে ভোট কেন্দ্রে প্রেরণ শুরু হয়েছে। ভোটের নিরাপত্তায় বিজিবি ও র্যাব-পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে। সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত কেসিসির সর্বশেষ নির্বাচনে বিএনপি সমর্থিত ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের প্রার্থী মনিরুজ্জামান মনি ১ লাখ ৮১ হাজার ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী তালুকদার আব্দুল খালেক পেয়েছিলেন ১ লাখ ২০ হাজার ৫৮ ভোট। সর্বশেষ নির্বাচনে প্রায় ১৫ লাখ জনসংখ্যা অধ্যুষিত খুলনা মহানগরীর ভোটার ছিল ৪ লাখ ৪০ হাজার ৫৬৬ জন। চলতি বছরের ২১ সেপ্টেম্বর বর্তমান পরিষদের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে।