বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ প্রায় সময়েই সাকিবের এমন সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেওয়া নিয়ে বিসিবি কর্মকর্তাও বিরক্ত। জাতীয় দলের টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনও তাই। যেহেতু সাকিব বিসিবির চুক্তিতে আছেন, ‘খেলতে বাধ্য’ এমনও বলেছেন সুজন। দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান যাবেন না। এই বিষয়টি সামনে আসতে ক্রিকেটাঙ্গন উত্তপ্ত হয়ে আছে এখন।
আই ডোন্ট কেয়ার, সাকিব যদি না খেলে, না খেলুক, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
‘কারও জন্য বাংলাদেশ ক্রিকেট বসে থাকবে, এটা ভাবা ভুল’
বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে যে বিসিবি কর্মকর্তারা চরম ক্ষুদ্ধ তা আর বলে দেওয়া লাগে না। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তো চরম ক্ষিপ্ত। কথাবার্তায় তা প্রকাশও পেয়েছে। সুজনের রাগও প্রকাশ পেয়েছে। ফরচুন বরিশালের অধিনায়ক ছিলেন সাকিব। দলটির কোচ ছিলেন সুজন। সুজন জানান, ‘একজন ক্রিকেটার ছুটি চাইতেই পারে। কিন্তু সাকিব সেটা আগে বললেই পারত। আগে একটা চিঠি দিয়েছিল (টেস্ট থেকে বিরতি চেয়ে)। পরে আবার পাপন ভাইয়ের সঙ্গে কথা বলে রাজি হয়েছিল দক্ষিণ আফ্রিকায় টেস্ট-ওয়ানডে সব খেলতে। তারপরও কেন এরকম বলল, এটা তো আমি বলতে পারব না। সাকিবের মনের কথা তো আমি বলতে পারব না। আমি মনে করি, মাঝেমধ্যে আমরা এটা টেনে লম্বা করি।
‘সাকিব তো চুক্তিবদ্ধ, সে বিসিবির এমপ্লয়ি’
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে সাকিব ইস্যুতে কথা বলতে গিয়ে সুজন জানান, ‘বিসিবির তো অনুরোধ করার কথা নয়, নির্দেশ দেওয়ার কথা। তারা চুক্তিবদ্ধ ক্রিকেটার। যে ছেলেটা স্যালারির মধ্যে নেই, তাদেরকে অনুরোধ করা হতে পারে। কিন্তু সাকিব তো চুক্তিবদ্ধ, সে বিসিবির এমপ্লয়ি। তবু পাপন ভাই (বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন) খুব ভালো বলেই অনুরোধ করেন। কিন্তু সে তো খেলতে বাধ্য, চুক্তিতে আছে সে।’
‘সাকিব যদি না খেলে, না খেলুক টেস্ট ম্যাচ, আই ডোন্ট কেয়ার’
সাকিবকে জোড় করে দক্ষিণ আফ্রিকা সফরে নিতে চান না সুজন, ‘আমি এখনও খেলতে চাই। আমি এখন ৫১ (বছর), মন চায় বাংলাদেশের জার্সি পরে খেলি। আপনি অনূর্ধ-১৯ দলের একটি ছেলেকে জোর করতে পারেন। কিন্তু ৩৬-৩৮ বছর বয়সী কাউকে জোর করতে পারেন না। তারা তাদের সিদ্ধান্তটা ভালো করে বুঝে নেয়। তারা যদি খেলতে না চায়, আগ্রহী না থাকে কিংবা মানসিকভাবে কোনো সমস্যা থাকে তারা তাদের সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু এটা এমন সময়ে নয় যে, আমরা যখন একটা দল নিয়ে সিদ্ধান্তে চলে যাই। সাকিব যদি না খেলে, না খেলুক টেস্ট ম্যাচ। আই ডোন্ট কেয়ার। বিসিবি এতটা কনসার্নও না, যদি না খেলতে চায়। আপনি জোর করতে পারবেন না। আমরা চাই, ও খেলুক। যতদিন পর্যন্ত ফিট থাকবে, সাকিব খেলুক। কিন্তু ও যদি উপভোগ না করে, তাহলে মনে হয় যে বলে দেওয়া উচিত আমি টেস্ট খেলব না বা ওয়ানডে খেলব না কিংবা কোনো একটা-দুইটা ফরম্যাট খেলব না। কোনো সমস্যা নেই।’
‘বাংলাদেশের জন্যও লজ্জার যে, বিশ্বের সেরা অলরাউন্ডার আমরা বলি, কিন্তু আইপিএলের মতো জায়গায় খেলতে পারছে না’
আইপিএলে দল না পাওয়ায় সাকিবের মনে কোন প্রভাব পড়েছে কিনা? সুজন জানান, ‘প্রত্যাশা শুধু সাকিব নয়, আমিও করেছিলান যে ও ভালো দামে আইপিএলে বিক্রি হবে। ভালো ফর্মে ছিল, আইপিএলে দলের সংখ্যাও বেড়েছে। খুবই অবাক হয়েছি যে, সাকিবকে কেউ নেয়নি। শুধু সাকিবের জন্য নয়, বাংলাদেশের জন্যও লজ্জার যে, বিশ্বের সেরা অলরাউন্ডার আমরা বলি, কিন্তু আইপিএলের মতো জায়গায় খেলতে পারছে না। যদিও সাকিব বলেছে, “না সুজন ভাই, আমি অতটা ব্যথা পাইনি।” তবে মনের কোনো কোণে ব্যথা থাকতে পারে।
‘সময় হয়েছে, এটার একটা ফুল স্টপ বোর্ড থেকে করা উচিত’
বারবার এমন ইস্যু সামনে আসছে। একজন টেস্ট খেলতে চান না। আরেকজন টি২০ খেলতে চান না। এমনটির চূড়ান্ত সমাপ্তি চান সুজন। বলেছেন, ‘আমার কথা হচ্ছে, এখানে অনুরোধের কিছু নেই। সাকিব খেলতে চাইলে সে যাবে। না চাইলে যাবে না। কিন্তু সময় হয়েছে, এটার একটা ফুল স্টপ করা উচিত। বোর্ড থেকে ফুল স্টপ করা উচিত। বারবার এটা হতে পারে না যে আমি চাইলাম না, খেললাম না। আবার চাইলাম তো খেললাম। এটা হতে পারে না। ফুল স্টপের সময় এসেছে। যথেষ্ট হয়েছে। ইউ কান নট ডিকটেট বিসিবি। বিরতি চাইলে বিরতি নাও। প্রেসিডেন্টও বলতে চায় এভাবে। হয়তো বা উনি একটু আস্তে বলেছেন, আমি একটু জোরে বললাম।’
সাকিবদের ছাড়াই যে একটা সময় খেলতে হবে, তাও বুঝিয়ে দিলেন সুজন, ‘কারও জন্য বাংলাদেশ দল বসে থাকবে না। আপনাদের এভাবে ভাবাটাও ছাড়তে হবে। একটা সময় বাংলাদেশকে এদের ছাড়াই খেলতে হবে।