বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম : আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া টি২০ বিশ্বকাপে এবার ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক দেখিয়েছেন তার নেতৃত্বগুণও। যদিও শেষ পর্যন্ত ফাইনালে খেলা হয়নি পাকিস্তানের। তবে আইসিসির বিশ্বকাপ সেরা একাদশের অধিনায়ক হয়েছেন তিনিই।
ধারাভাষ্যকার, সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও সাংবাদিকদের নিয়ে গড়া নির্বাচক প্যানেলের মাধ্যমে ২০ ওভারের আন্তর্জাতিক আসরের সেরা একাদশ সাজানো হয়েছে। যেখানে রাখা হয়নি ভারতের কোন ক্রিকেটারকে।
ঘোষিত আইসিসির সেরা একাদশে সর্বোচ্চ তিনজন জায়গা পেয়েছেন চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া থেকে। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার আছেন দুজন করে। রানার্সআপ দল নিউজিল্যান্ড ও পাকিস্তান থেকে রাখা হয়েছে একজন করে। ৭ ইনিংসে ৪৮.১৬ গড় ও ১৪৬.৭০ স্ট্রাইক রেটে আসরের দ্বিতীয় সর্বোচ্চ ২৮৯ রান করেছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ান ওপেনারের ফিফটি তিনটি। যার একটি করেছেন ফাইনালে। ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
উদ্বোধনী জুটিতে ওয়ার্নারের সঙ্গী জস বাটলার। একাদশে উইকেটরক্ষকের দায়িত্বও তার। এবারের বিশ্বকাপে একমাত্র সেঞ্চুরিটি এসেছে ইংলিশ এই ক্রিকেটারের ব্যাট থেকে, শ্রীলঙ্কার বিরুদ্ধে। ৬ ইনিংসে ৮৯.৬৬ গড়ে রান করেছেন ২৬৯, স্ট্রাইক রেট ১৫১.১২।
আইসিসি বিশ্বকাপ সেরা একাদশ :
১. ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- ৪৮.১৬ গড়ে ২৮৯ রান। ২. জস বাটলার (উইকেটরক্ষক, ইংল্যান্ড)- ৮৯.৬৬ গড়ে ২৬৯ রান, ৫ ডিসমিসাল। ৩. বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান)- ৬০.৬০ গড়ে ৩০৩ রান। ৪. চারিথ আসালাঙ্কা (শ্রীলঙ্কা)- ৪৬.২০ গড়ে ২৩১ রান। ৫. এইডেন মারক্রাম (দক্ষিণ আফ্রিকা)- ৫৪ গড়ে ১৬২ রান। ৬. মইন আলি (ইংল্যান্ড)- ১৩১.৪২ স্ট্রাইক রেটে ৯২ রান, ১১ গড়ে ৭ উইকেট। ৭. ভানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)- ৯.৭৫ গড়ে ১৬ উইকেট। ৮. এ্যাডাম জ্যাম্পা (অস্ট্রেলিয়া)- ১২.০৭ গড়ে ১৩ উইকেট। ৯. জশ হেইজেলউড (অস্ট্রেলিয়া)- ১৫.৯০ গড়ে ১১ উইকেট। ১০. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)- ১৩.৩০ গড়ে ১৩ উইকেট। ১১. আনরিক নরকিয়া (দক্ষিণ আফ্রিকা)- ১১.৫৫ গড়ে ৯ উইকেট।
দ্বাদশ ক্রিকেটার : শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)- ২৪.১৪ গড়ে ৭ উইকেট।