সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

উপকূলের মাছ রক্ষায় নজরদারির ঘাটতি, সংকটে ছোট নৌকার জেলেরা

Boats of fisherman, waiting for next voyage to deep sea for fishing, near INANI Beach Coxs Bazar.

হোসাইন মোহাম্মদ সাগর, স্টাফ করেসপন্ডেন্ট

বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে সরকারি নিষেধাজ্ঞা ও আইনি বিধিনিষেধ উপেক্ষা করে অসাধু ট্রলারমালিকদের অবৈধ মৎস্য শিকার অব্যাহত রয়েছে। এতে মারাত্মক হুমকির মুখে পড়েছে সামুদ্রিক জীববৈচিত্র্য ও প্রান্তিক উপকূলীয় জেলেদের জীবিকা। আইন অনুযায়ী উপকূলের ৪০ মিটার গভীরতা পর্যন্ত জলসীমা কেবল ঐতিহ্যবাহী ও ক্ষুদ্র জেলেদের জন্য সংরক্ষিত হলেও, শিল্প ট্রলারগুলোর অবাধ অনুপ্রবেশ, নিষিদ্ধ জালের ব্যবহার এবং অপরিকল্পিত আহরণের ফলে সাগরের বাস্তুতন্ত্র ধ্বংস হচ্ছে। ফলে দিন দিন চরম আর্থিক সংকটে পড়ছেন সাধারণ জেলেরা।

সীমানা অতিক্রম ও অবৈধ ট্রলিংয়ের তাণ্ডব: পটুয়াখালীর মহীপুর, আলিপুর, কুয়াকাটা, আসাহালী এবং চট্টগ্রামের কর্ণফুলী নদীসংলগ্ন ঘাটগুলোতে ঘুরে দেখা গেছে, হাজার হাজার ক্ষুদ্র জেলে প্রতিদিন জীবন বাজি রেখে সাগরে যান। কিন্তু উপকূলের কাছাকাছি চলে আসা বাণিজ্যিক ও রূপান্তরিত ট্রলারগুলোর দাপটে তাঁরা এখন কোণঠাসা। আইন অনুযায়ী ৪০ মিটারের কম গভীরতায় শিল্প ট্রলার চালানো নিষিদ্ধ হলেও বাস্তবে তা মানা হচ্ছে না।

স্থানীয় জেলেরা জানান, গত এক বছরে অবৈধ ট্রলিং বোটের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০২৫ সালে মহীপুর-আলিপুর অঞ্চলে যেখানে ৪০ থেকে ৪৫টি বোট সক্রিয় ছিল, বর্তমানে তা বেড়ে প্রায় ৬০টিতে দাঁড়িয়েছে। একেকটি সাধারণ কাঠের নৌকাকে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচে অবৈধ ট্রলারে রূপান্তর করা হচ্ছে। এসব ট্রলারে ব্যবহৃত হচ্ছে নিষিদ্ধ মিহি জাল (ফাইন-মেশ নেট), ফিশ ফাইন্ডার, জিপিএস, রাডার ও ইকো সাউন্ডারের মতো আধুনিক প্রযুক্তি। ফলে মাছের রেনু পোনা, ডিমওয়ালা মা মাছ ও সামুদ্রিক কাঁকড়াসহ সব ধরনের অণুজীব উজাড় হয়ে যাচ্ছে।

এ বিষয়ে মেরিন মৎস্য অধিদপ্তরের পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ জহিরুল হক লজিস্টিক সীমাবদ্ধতার কথা স্বীকার করে বলেন, “আমাদের বিশাল জলসীমায় নজরদারি করার মতো পর্যাপ্ত জলযান ও জনবল নেই। তবে আমরা সীমিত সম্পদের মধ্যেও তদারকি চালিয়ে যাচ্ছি। বর্তমানে ভিএমএস চালুর পাইলট প্রকল্প চলছে।”

জাল হারানোর ক্ষতি ও প্রান্তিক জেলেদের হাহাকার: উন্মুক্ত সাগরে শিল্প ট্রলারগুলোর বেপরোয়া চলাচলের কারণে ছোট নৌকার জেলেদের ট্র্যাডিশনাল ফাঁস জাল (গিলনেট) কেটে নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় ট্রলারগুলো ছোট নৌকায় সজোরে ধাক্কা দেয়, সরঞ্জাম কেড়ে নেয় এবং জেলেদের শারীরিক নির্যাতন করে বলেও অভিযোগ রয়েছে।

চট্টগ্রামের মৎস্য ঘাটের জেলে আইয়ুব নবী আক্ষেপ করে বলেন, “সাগর তো সবার, আমরাও পরিবার চালাতে সাগরে যাই। কিন্তু ট্রলারগুলো আমাদের নৌকায় ধাক্কা দেয়, জেলেদের মারধর করে, জাল কেটে নিয়ে যায় এবং ধরা মাছও কেড়ে নেয়। সব হারিয়ে আমরা খালি হাতে ও রক্তাক্ত অবস্থায় ফিরে আসি।”

ভোলার দৌলতখানের জেলে বেল্লাল হোসেন ও চরফ্যাশনের মোক্তার রশিদ জানান, রাতে ট্রলারগুলো নোঙ্গর ফেলার সময় বা যাওয়ার পথে জেলেদের পেতে রাখা জালের ওপর দিয়ে নির্দ্বিধায় চালিয়ে দেয়। মোক্তার রশিদ বলেন, “এক একটি জাল নষ্ট হলে ৭-৮ লাখ টাকার ক্ষতি হয়। বারবার এমন ক্ষতি হওয়ায় আমরা মহাজনি দাদন ও চড়া সুদের ঋণের জালে জড়িয়ে পড়ছি।”

এদিকে বাংলাদেশ সামুদ্রিক মৎস্যজীবী সমিতির সভাপতি এনাম চৌধুরী অবৈধ ট্রলিংয়ের অভিযোগ অস্বীকার করে বলেন, “নিয়মভঙ্গের হার খুবই কম। ঝড়ের সময় আকস্মিকভাবে কিছু ট্রলার হয়তো সীমানার কাছাকাছি ঢুকে পড়তে পারে, যা সম্পূর্ণ অনিচ্ছাকৃত।” তবে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান উল্টো ক্ষুদ্র জেলেদের দায়ী করে বলেন, “ক্ষুদ্র জেলেরা নৌপথের ওপর দীর্ঘ ফাঁস জাল পেতে রাখে, যা ট্রলারের প্রপেলারে পেঁচিয়ে বড় ধরণের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। জাহাজ ও নিজেদের বাঁচাতে অনেক সময় ডুবুরি দিয়ে সেই জাল কাটতে হয়।”

পটুয়াখালীর মহীপুরের জেলে আনোয়ার হোসেন বলেন, “প্রভাবশালী ট্রলার মালিকেরা সাগরের মাছ শেষ করে দিচ্ছে, আর আমরা খালি হাতে ফিরছি। কর্তৃপক্ষ আন্তরিক হলে একদিনেই এই অবৈধ ট্রলিং বন্ধ করতে পারে।” একই এলাকার জেলে আবুল কাশেম উদ্বেগ প্রকাশ করে বলেন, “প্রতিদিন লাখ লাখ পোনা মাছ ধ্বংস হচ্ছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্মের জেলেদের জন্য সাগরে আর কিছুই অবশিষ্ট থাকবে না।”

সামুদ্রিক আবাসস্থলে বিপর্যয় ও মৎস্যসম্পদের হুমকি: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এবং মৎস্য অধিদপ্তরের যৌথ জরিপ (২০২৫) অনুযায়ী, বিগত সাত বছরে বঙ্গোপসাগরে সামুদ্রিক মাছের মজুদ প্রায় ৮০ শতাংশ হ্রাস পেয়েছে। বিশেষ করে পৃষ্ঠভাগের ছোট মাছ (যেমন সার্ডিন ও ম্যাকেরেল) ২০১৮ সালের ১,৫৮,১০০ মেট্রিক টন থেকে কমে ২০২৫ সালে মাত্র ৩৩,৮১১ মেট্রিক টনে নেমে এসেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম বলেন, “বটম ট্রলিংয়ের মাধ্যমে সমুদ্র তলদেশের সবকিছু একবারে চেঁচে নিয়ে যাওয়া হয়। এতে প্রবাল, সামুদ্রিক ঘাস ও অন্যান্য অণুজীবের বাসস্থান ধ্বংস হয়ে সামুদ্রিক খাদ্যশৃঙ্খল ভেঙে পড়ছে। এর ফলে ইলিশসহ লাক্ষা, পোয়া, রূপচাঁদা ও চিংড়ির মতো অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মাছের বংশবৃদ্ধি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।”

গবেষকদের মতে, ৬৫ দিনের মৎস্য শিকার নিষেধাজ্ঞার (যা সম্প্রতি প্রজনন মৌসুম বিবেচনায় সংশোধন করে ৫৮ দিন করা হয়েছে) পর সাগরে মাছের উৎপাদন কিছুটা বাড়লেও, পরবর্তীতে ‘টানা জাল’ বা বেচ সেইনিং-এর মতো ক্ষতিকর পদ্ধতির ব্যবহার বেড়ে যাওয়ায় সেই সুফল ধরে রাখা যাচ্ছে না।

আইন প্রয়োগ ও নজরদারির ঘাটতি: সমুদ্রের বিশাল জলসীমায় ট্রলার ট্র্যাকিং বা নজরদারির ক্ষেত্রে সুস্পষ্ট ঘাটতি দেখা গেছে। বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) প্রোটোকল ও আন্তর্জাতিক ট্রান্সপারেন্সি ফ্রেমওয়ার্ক অনুযায়ী সকল বাণিজ্যিক ট্রলারে ভেসেল মনিটরিং সিস্টেম (VMS) ও অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (AIS) বাধ্যতামূলক হলেও নিবন্ধিত ২৬৮টি ইন্ডাস্ট্রিয়াল ট্রলারের মধ্যে মাত্র ৫টিতে সক্রিয় VMS চালু রয়েছে।

বিগত এক দশকে মৎস্য অধিদপ্তর থেকে অন্তত ৪০৭টি জরিমানা আদায় করা হয়েছে, যার বড় অংশই ৪০ মিটারের আইনি সীমানা লঙ্ঘনের অপরাধে। কিন্তু মাত্র ১ থেকে ২ লাখ টাকার এই জরিমানা বিশাল মুনাফাকারী ট্রলার মালিকদের দমনে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। সমুদ্র মৎস্য আইন ২০২০-এর ১৩ ধারা অনুযায়ী বারবার অপরাধের জন্য লাইসেন্স বাতিলের স্পষ্ট বিধান থাকলেও বাস্তবে কোনো ট্রলারের লাইসেন্স বাতিল বা স্থগিত করার নজির মেলেনি।

মহীপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সহ-সভাপতি রাজু আহমেদ রাজা জানান, বারবার আলোচনা করেও অবৈধ ট্রলিং কমানো যায়নি। তিনি বলেন, “প্রতি বছর অবৈধ ট্রলারের সংখ্যা বাড়ছে। প্রশাসনের কঠোর নজরদারি ও সঠিক প্রয়োগ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কুয়াকাটা রিভার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোনিরুজ্জামান বলেন, “অবৈধ ট্রলার ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। ইতোমধ্যেই সেন্টমার্টিনসহ বিভিন্ন এলাকায় বোট ও জাল জব্দ করে জেলেদের আটক করা হয়েছে। তবে গভীর সাগরে টহল দেওয়ার মতো আধুনিক জলযানের অভাবে অভিযান পরিচালনা কিছুটা ব্যাহত হয়।”

এ বিষয়ে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী জানান, বিষয়টি আদালতের বিচারাধীন এবং অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কোস্ট গার্ড, রিভার পুলিশ ও জেলে সংগঠনগুলোকে সাথে নিয়ে যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

সুরক্ষার সঙ্গে জীবিকার ভারসাম্য জরুরি: ওয়ার্ল্ডফিশ (WorldFish)-এর বাংলাদেশ প্রতিনিধি ড. ফারুক-উল ইসলাম বলেন, কেবল সাজা বা জরিমানা দিয়ে এই সংকট নিরসন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। এর মধ্যে সকল ইন্ডাস্ট্রিয়াল ট্রলারে স্যাটেলাইটভিত্তিক ট্র্যাকিং সিস্টেম (VMS) বাধ্যতামূলক করে রিয়েল-টাইমে সীমানা লঙ্ঘন পর্যবেক্ষণ করা; কঠোর আইনি পদক্ষেপ হিসেবে বারবার আইনি সীমানা ভঙ্গকারী ট্রলারগুলোর লাইসেন্স সাময়িক বা স্থায়ীভাবে বাতিল করা; বিকল্প জীবিকার জন্য সাগরে মাছের ওপর চাপ কমাতে শুঁটকি প্রক্রিয়াকরণ, সি-উইড (সামুদ্রিক শৈবাল) চাষ, পর্যটনসেবা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে জেলে পরিবারগুলোর আয়ের পথ সুগম করা; গভীর সমুদ্রে মৎস্য আহরণের জন্য উপকূলীয় সীমানায় অতিরিক্ত চাপ না দিয়ে গভীর সমুদ্রে (Deep-sea fishing) মাছ আহরণের উপযোগী আধুনিক প্রযুক্তির ট্রলারের ব্যবস্থা করা।দেশের  জরুরী।

বিশেষজ্ঞদের মতে সুনীল অর্থনীতি বা ‘ব্লু-ইকোনমি’র সম্ভাবনা বাস্তবায়ন করতে হলে সমুদ্রের সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষার পাশাপাশি প্রান্তিক জেলেদের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com