সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

মৃত শ্রমিকদের পরিবারের পাশে শৈলশোভা শ্রমিক ইউনিয়ন

মৃত শ্রমিকদের পরিবারের পাশে শৈলশোভা শ্রমিক ইউনিয়ন শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে নেতাকর্মী

বান্দরবান জেলা প্রতিনিধি : বান্দরবানে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করা শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়িয়েছে শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। সংগঠনটির মৃত্যু ফান্ড থেকে মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বান্দরবান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।
শৈলশোভা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মাবুদ, মশিউর রহমান মিঠুন এবং জেলা পরিষদের সদস্য নিরুতাজ বেগম। এ সময় বিভিন্ন মালিক সমিতির নেতৃবৃন্দ, শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও মৃত শ্রমিকদের স্বজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মৃত্যু ফান্ডের তহবিল থেকে মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, সড়ক পরিবহন শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁদের মৃত্যুর পর পরিবারের সদস্যরা আর্থিক ও সামাজিক অনিশ্চয়তার মুখে পড়েন। এমন পরিস্থিতিতে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো শ্রমিক সংগঠনের মানবিক ও নৈতিক দায়িত্ব।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাচিং প্রু জেরী শ্রমিকদের কল্যাণে ইউনিয়নের এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, দেশের অর্থনীতি ও জনজীবন সচল রাখতে শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি অসহায় শ্রমিক পরিবারগুলোর পাশে দাঁড়ানো প্রয়োজন।
তিনি মৃত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁদের সুরক্ষায় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে অনুদানের অর্থ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত শ্রমিক ও স্বজনদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com