সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

আলোতে চোখে অস্বস্তি বা ব্যথা? যে সমস্যার লক্ষণ হতে পারে ফটোফোবিয়া

আলোতে চোখে অস্বস্তি বা ব্যথা? যে সমস্যার লক্ষণ হতে পারে ফটোফোবিয়া ছবি সংগৃহীত

একুশের কন্ঠ অনলাইন ডেস্ক : সূর্যের আলো কিংবা ঘরের উজ্জ্বল বাতির দিকে তাকালেই কি চোখে অস্বস্তি হয়? কখনো কি আলো সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে রাখতে হয়? এমন সমস্যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ফটোফোবিয়া। অনেকেই বিষয়টিকে সাধারণ চোখের সমস্যা মনে করে এড়িয়ে যান। তবে এটি কখনো কখনো চোখ কিংবা স্নায়ুতন্ত্রের জটিল সমস্যার ইঙ্গিতও হতে পারে।
ফটোফোবিয়া মূলত আলোর প্রতি চোখের অতিরিক্ত সংবেদনশীলতা। শুধু দিনের আলো নয়, গাড়ির হেডলাইট, ঘরের উজ্জ্বল বাতি এবং মোবাইল বা কম্পিউটারের স্ক্রিন থেকেও এ ধরনের অস্বস্তি তৈরি হতে পারে। এটি আলাদা কোনো রোগ নয়; বরং শরীরের অন্য কোনো সমস্যার উপসর্গ হিসেবে দেখা দেয়।
কী কারণে দেখা দেয় এ সমস্যা?
ফটোফোবিয়ার সঙ্গে মাইগ্রেনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যাঁরা মাইগ্রেনে ভোগেন, তাঁদের অনেকের ক্ষেত্রে তীব্র আলো মাথাব্যথা বাড়িয়ে দিতে পারে। একই সঙ্গে চোখেও অস্বস্তি তৈরি হয়।
এ ছাড়া চোখের বিভিন্ন রোগ ও সমস্যার কারণেও আলোর প্রতি সংবেদনশীলতা বাড়তে পারে। যেমন—চোখের প্রদাহ, কনজেক্টিভাইটিস, কর্নিয়ায় আঘাত বা ক্ষত, ইউভাইটিস, কেরাটাইটিস, চোখের শুষ্কতা এবং চোখের পাতার পেশির অনিয়ন্ত্রিত সংকোচন বা ব্লেফারোস্পাজম।
কিছু স্নায়বিক সমস্যার সঙ্গেও ফটোফোবিয়ার সম্পর্ক রয়েছে। বিশেষ করে মেনিনজাইটিস, এনসেফালাইটিসসহ মস্তিষ্কের প্রদাহজনিত অসুস্থতায় এ লক্ষণ দেখা দিতে পারে।
যেসব লক্ষণে সতর্ক হবেন
আলোতে গেলে চোখে ব্যথা অনুভব করা, বারবার চোখ বন্ধ করা বা পিটপিট করা, চোখ কুঁচকে রাখা এবং অতিরিক্ত পানি পড়া ফটোফোবিয়ার পরিচিত লক্ষণ।
এ ছাড়া চোখ লাল হওয়া, জ্বালাপোড়া, ঝাপসা দৃষ্টি এবং মাথাব্যথাও দেখা দিতে পারে। কোনো কোনো ক্ষেত্রে মাথা ঘোরা কিংবা বমি বমি ভাবও হতে পারে।
কোন অবস্থায় দ্রুত চিকিৎসা জরুরি?
হঠাৎ করে আলো সহ্য করার ক্ষমতা কমে গেলে বিষয়টিকে অবহেলা করা উচিত নয়। বিশেষ করে চোখে তীব্র ব্যথা, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া, দৃষ্টিশক্তি কমে আসা কিংবা চোখ অতিরিক্ত লাল হলে দ্রুত চক্ষুবিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া প্রয়োজন।
অন্যদিকে, আলোর প্রতি সংবেদনশীলতার পাশাপাশি প্রচণ্ড মাথাব্যথা, জ্বর, ঘাড় শক্ত হয়ে যাওয়া, অস্বাভাবিক আচরণ, খিঁচুনি কিংবা চেতনা কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে জরুরি ভিত্তিতে হাসপাতালে যেতে হবে। এসব লক্ষণ গুরুতর স্নায়বিক সংক্রমণের ইঙ্গিত হতে পারে।
চিকিৎসা ও প্রতিরোধে করণীয়
ফটোফোবিয়া থেকে মুক্তি পেতে হলে প্রথমে এর প্রকৃত কারণ শনাক্ত করা জরুরি। কারণ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করলে অনেক ক্ষেত্রেই এ সমস্যা নিয়ন্ত্রণে আসে।
মাইগ্রেন, চোখের সংক্রমণ, প্রদাহ কিংবা শুষ্ক চোখের যথাযথ চিকিৎসার মাধ্যমে আলোর প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা কমানো সম্ভব। আবার কোনো নির্দিষ্ট ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় এমন সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ পরিবর্তন বা সমন্বয় করতে হতে পারে।
তাই দীর্ঘদিন ধরে আলোতে চোখে অস্বস্তি হলে নিজে নিজে ওষুধ ব্যবহার না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com