সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারি থেকে নেওয়ার সিদ্ধান্ত ইউজিসির

অনলাইন ডেস্ক, একুশের কণ্ঠ:: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে সোমবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে ইউজিসির করা এক মতবিনিময়ে এ সিদ্ধান্ত হয়।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ এক লিখিত বক্তব্যে বলেন, সভায় আলোচনার ভিত্তিতে আগামী জানুয়ারি ২০২৭ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের কার্যক্রম শুরু করার বিষয়ে সর্বসম্মত ও সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর আগামী ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইউজিসির এক সদস্য বলেন, আমাদের এ সিদ্ধান্ত সকল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য।

ইউজিসি চেয়ারম্যান বলেন, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় কম। ২০২৭ সালে সাত লাখের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হলেও ২০২৬ সালে এ সংখ্যা ছয় লাখের কিছু বেশি।

এ বছর শিক্ষার্থীদের উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে। ফলে অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি। এখন শিক্ষার্থীদের পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার আয়োজন করা হচ্ছে।

আগামী ৩১ ডিসেম্বরের পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এরপর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করা হবে।

এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন বলে জানান তিনি।

তবে ইউজিসির সভায় অংশ নেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম। কমিশনের সিদ্ধান্ত আসার পর সোমবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়টির ভর্তি কমিটি জরুরি বৈঠক ডেকেছে। সেখানেই শিক্ষালয়টির ভর্তি পরীক্ষার সূচি ঠিক করা হবে।

ইউজিসির মতবিনিময় সভার আগেই কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ভর্তি পরীক্ষার দিন ঠিক করার কথা জানিয়েছিল। এর মধ্যে মেডিকেলের ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, বুয়েটের ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১০ থেকে ২১ জানুয়ারি আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com