সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

ঢাকায় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

ঢাকায় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : সারাদিনের ভ্যাপসা গরমের পর রাজধানী ঢাকায় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাতে কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে। সোমবার (৯ নভেম্বর) দুপুরের পর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টিপাত। একই সঙ্গে বজ্রপাতও লক্ষ্য করা গেছে।
রাজধানীর উত্তরা, বিমানবন্দর, মিরপুর, কেরানীগঞ্জ ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে। ঢাকার বাইরে গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জেও বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা ও কক্সবাজারেও বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে দিন ও রাতের তাপমাত্রার মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে সকালে দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে বৃষ্টির মধ্যেই শীতের মৌসুম নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন মাসে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ৪ থেকে ৬টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করার আশঙ্কা রয়েছে।
তবে শৈত্যপ্রবাহের সম্ভাবনা থাকলেও সামগ্রিকভাবে এবারের শীত মৌসুম স্বাভাবিকের তুলনায় কিছুটা উষ্ণ থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
নভেম্বর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত সময়ের জন্য প্রকাশিত আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে শৈত্যপ্রবাহের পাশাপাশি ঘন কুয়াশা, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথাও বলা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ডিসেম্বর মাসে দেশের ওপর দিয়ে ১ থেকে ২টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আশঙ্কা রয়েছে। বিশেষ করে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কয়েকটি এলাকায় শীতের অনুভূতি বাড়তে পারে।
সব মিলিয়ে নভেম্বরের বৃষ্টিপাতের পর ডিসেম্বর ও জানুয়ারিতে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা থাকলেও তাপমাত্রার সামগ্রিক চিত্র স্বাভাবিকের তুলনায় কিছুটা উষ্ণ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com