সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

জামালপুরে ধর্ষণ মামলায় ১০ বছর পর রায়, যুবকের যাবজ্জীবন

জামালপুরে ধর্ষণ মামলায় ১০ বছর পর রায়, যুবকের যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে এক নারীকে ধর্ষণের দায়ে ইউনুছ আলী (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। দীর্ঘ প্রায় ১০ বছর বিচারিক কার্যক্রম শেষে এ রায় দেওয়া হয়।
মামলার বিবরণ অনুযায়ী, দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কুমারের চর এলাকার বাসিন্দা গাজী রহমানের ছেলে ইউনুছ আলী তার ২৩ বছর বয়সী এক প্রতিবেশী নারীকে বিভিন্ন সময়ে অনৈতিক প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে ওই নারীর মোবাইল নম্বর সংগ্রহ করে ফোনের মাধ্যমেও একই ধরনের আচরণ করেন তিনি।
বিষয়টি ইউনুছ আলীর পরিবারের সদস্যদের জানানো হলে তিনি ক্ষুব্ধ হন। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাতে ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে আগে থেকে ওত পেতে থাকা ইউনুছ আলী তাকে বাড়ির পাশের ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ওই নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে ইউনুছ আলীকে আটক করেন। পরদিন তার পরিবারের সদস্যরা স্থানীয় ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যানের উপস্থিতিতে বিয়ের বিষয়ে সম্মতি দেন। পরে চেয়ারম্যানের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। তবে পরবর্তী সময়ে বিয়ের বিষয়ে নানা টালবাহানা শুরু করেন ইউনুছ আলী।
এ অবস্থায় ৮ সেপ্টেম্বর ওই নারী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হলে তিনি সুস্থ হয়ে ওঠেন। ঘটনার পর ২৯ সেপ্টেম্বর ২০১৬ সালে জামালপুর আদালতে ইউনুছ আলীকে আসামি করে ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগী নারী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেছেন। দীর্ঘ সময় পর রায় হওয়ায় বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মীর মেহেদী হাসান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com