বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
প্রতীকী ছবি নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: প্রবাসী বাংলাদেশিদের জন্য আরো তিনটি দেশে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন করে এ সেবা পেতে যাচ্ছেন সুইডেন, সিঙ্গাপুর ও বাহরাইনে বসবাসরত বাংলাদেশিরা।
সোমবার (১৩ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয় পৃথক তিনটি সরকারি আদেশ জারি করে এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোতে এনআইডি ও ভোটার নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনের জন্য তিন নির্বাচন কমিশনারের সরকারি সফরের বিষয়টিও জানানো হয়েছে।
আদেশ অনুযায়ী, নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ আগামী ১৫ থেকে ২১ জুলাই বাহরাইন সফর করবেন। সফরকালে তিনি সেখানে ভোটার নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করবেন এবং ভোটদান ও এনআইডি সেবা বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
এদিকে, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার আগামী ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সুইডেন সফর করবেন। একই সময়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুর সফর করবেন। তারাও সংশ্লিষ্ট দেশে এনআইডি ও ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করবেন।
ইসির আদেশে বলা হয়েছে, এসব সফর সরকারি সফর হিসেবে গণ্য হবে এবং সফরসংক্রান্ত সব ব্যয় নির্বাচন কমিশনের ‘আইডিয়া প্রজেক্ট-২’ থেকে বহন করা হবে।
এর আগে, গত বছরের জুলাইয়ে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় প্রবাসী বাংলাদেশিদের জন্য এনআইডি ও ভোটার নিবন্ধন সেবা চালু করে নির্বাচন কমিশন।
এদিকে, ফ্রান্সেও এ কার্যক্রম চালুর পরিকল্পনা থাকলেও তা আপাতত স্থগিত রয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি না থাকার কথা জানানো হওয়ায় দেশটিতে এনআইডি সেবা চালু করার উদ্যোগ আপাতত স্থগিত রাখা হয়েছে।