বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

১৭ সেপ্টেম্বর প্রস্তুতি সভার পর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ॥
বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া প্রস্তুতি সভার পর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হবে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, নির্বাচন ও ভোটগ্রহণ কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত বিভিন্ন মন্ত্রণালয় ও অংশীজনদের নিয়ে আগামী বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে। এই সভায় প্রাপ্ত মতামতের ওপর ভিত্তি করে কমিশন স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত করবে। সভা শেষে সাংবাদিকদের এই বিষয়ে বিস্তারিত আপডেট জানানো হবে বলেও জানান তিনি।

এর আগে ঘোষিত সূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার দুপুর আড়াইটায় আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সভায় অন্যান্য নির্বাচন কমিশনারগণও উপস্থিত থাকবেন। উল্লেখ্য, এই সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ছাড়াও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন নিয়েও আলোচনা ও প্রস্তুতি সম্পন্ন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com