মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

১০২ গুণী শিক্ষককে সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষকের গলায় পদক ঝুলিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক, একুশের কণ্ঠ:: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ১০২ জন গুণী শিক্ষকের হাতে দুই লাখ করে টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষকদের যেন কষ্ট করতে না হয়, সেজন্য যথাসময়ে তাদের প্রাপ্য অর্থ ব্যাংকের মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত ‘গুণী শিক্ষক সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব সম্মাননা তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সম্মান সমুন্নত রাখা, যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার, কারিগরি ও ব্যবহারিক শিক্ষার প্রসার, শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ এবং শহর ও গ্রামের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি আনন্দময় শিক্ষা, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বিকাশ এবং শিক্ষা থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী শিক্ষকতা পেশাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, একজন শিক্ষক কর্মরত কিংবা অবসর জীবনে যেভাবেই থাকুন না কেন, তার মহান পেশার কারণেই আমৃত্যু তিনি রাষ্ট্রের কাছে সম্মানীয়। এ কারণে শিক্ষকদের বেতন ও অবসরভাতার জন্য যাতে অফিসে গিয়ে কষ্ট করতে না হয়, সে জন্য যথানিয়মে যথাসময়ে তাদের প্রাপ্য অর্থ ব্যাংকের মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের শিক্ষকরা জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তোলার অন্যতম প্রধান হাতিয়ার।

বক্তব্যের শেষে বিশ্ব শিক্ষক দিবসে বাংলাদেশসহ সারাবিশ্বের শিক্ষক সমাজের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com