বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

সুনির্দিষ্ট মামলা না থাকলে গ্রেফতার নয় হাইকোর্টের আদেশ স্থগিত

সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক, অনলাইন প্রতিবেদন:: সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না- হাইকোর্টের এই আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে এ সংক্রান্ত হাইকোর্টের রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (২৯ জুলাই) রাষ্ট্রপক্ষের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। পরে তিনি সাংবাদিকদের বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এর অর্থ হলো— ফৌজদারি অভিযোগের সঙ্গে কোনো সম্পৃক্ত ব্যক্তির যদি এজাহারে নাম নাও থাকে, তদন্তকারী কর্মকর্তা যদি তদন্ত প্রক্রিয়ার মধ্যে সম্পৃক্ততা পেয়ে থাকেন, তাহলে তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেফতার দেখানোর অবশ্যই আবেদন করতে পারবেন।

এর আগে, কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো মামলা না থাকলে বিবাদীদের তাকে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার কিংবা অন্য কোনোভাবে হয়রানি না করা যাবে না, বলে রায় দেন হাইকোর্ট। কয়েকজন ব্যক্তির ক্ষেত্রে এই রায় দেওয়া হয়।

একইসঙ্গে আবেদনকারীকে বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং শুধুমাত্র তাকে হয়রানি, অপমান ও নিপীড়নের উদ্দেশ্যে গুরুতর প্রকৃতির মিথ্যা মামলায় জড়ানোর জন্য বিবাদীদের গৃহীত পদক্ষেপ কেন বেআইনি, আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং আইনগত কার্যকারিতাবিহীন ঘোষণা করা হবে না এবং আবেদনকারীর বিরুদ্ধে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে তাকে শ্যোন অ্যারেস্ট, গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ কেন প্রদান করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

পরে হাইকোর্টের এমন কয়েকটি আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com