বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

সাংবাদিকদের সাইবার আইনে আনতে আদালতের অনুমতির প্রস্তাব বিবেচনায়: তথ্য প্রতিমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

একুশের কণ্ঠ প্রতিবেদন:: সাংবাদিকদের সাইবার আইনের আওতায় আনার ক্ষেত্রে আদালতের অনুমতি রাখার প্রস্তাব সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, সাংবাদিকরা যাতে অবাধে কাজ করতে পারেন, বিষয়টি বিবেচনায় রেখেই সাইবার আইন প্রণয়ন করা হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতায় সরকার বিশ্বাস করে। একইসঙ্গে বাকস্বাধীনতা অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে অপতথ্য, মিথ্যা তথ্য, গুজব, মিসইনফরমেশন ও ডিজইনফরমেশন ছড়িয়ে পড়া বন্ধ করাও প্রয়োজন।

সাংবাদিকদের সাইবার আইনের আওতায় আনার ক্ষেত্রে আদালতের অনুমতির বিষয়ে তিনি বলেন, এ ধরনের একটি প্রস্তাব সাংবাদিকদের পক্ষ থেকে এসেছে। ইলেকট্রনিক, প্রিন্ট বা নিবন্ধিত অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের আইনের আওতায় আনতে হলে আদালতের অনুমতি নেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে। সাইবার আইন প্রণয়নের আগে সাংবাদিক ও সাংবাদিক নেতাদের সঙ্গে একাধিক দফা আলোচনা হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামতও নেওয়া হচ্ছে।

গণমাধ্যমকে নিয়ন্ত্রণের কোনো পরিকল্পনা সরকারের নেই জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যমকে আমরা কন্ট্রোল করতে চাই না। মূলধারার গণমাধ্যমে কাজ না করেও সাংবাদিক পরিচয়ে অপপ্রচার, ভুয়া প্রচার ও অসত্য তথ্য ছড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, অনেক সময় সাংবাদিক পরিচয়ে মূলধারার গণমাধ্যমের সঙ্গে যুক্ত না থাকা ব্যক্তিরাও অপপ্রচার ও অসত্য প্রচার করেন। এ বিষয়টিও কঠোরভাবে নজর দেওয়া প্রয়োজন।
এআইয়ের অপব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে নানা ঘটনার সঙ্গে জড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটছে। এতে সামাজিক ও ব্যক্তিগতভাবে ক্ষতির সৃষ্টি হচ্ছে। এসব বিষয় প্রতিরোধে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সাইবার আইনের খসড়া তৈরির ক্ষেত্রে সবার মতামত নেওয়া হবে জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, সকলের মতামতের ভিত্তিতেই আমরা এই আইনটা ড্রাফট করব।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com