রবিবার, ১৪ Jun ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জন আসামির বিরুদ্ধে গুম ও নির্যাতন মামলায় আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
রোববার (১৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণের কার্যক্রম নির্ধারিত রয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, এদিন একজন গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হবে। নিরাপত্তাজনিত কারণে তার পরিচয় গোপন রাখা হয়েছে। এর আগে ৩ জুন এই সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও তা স্থগিত করে নতুন করে আজকের তারিখ নির্ধারণ করা হয়।
মামলাটিতে ইতোমধ্যে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমানসহ চারজন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। চলতি বছরের ২১ জানুয়ারি থেকে এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
বর্তমানে ১৭ আসামির মধ্যে ১০ জন গ্রেপ্তার হয়ে ঢাকার সেনানিবাসের সাব-জেলে রয়েছেন। এদের মধ্যে রয়েছেন র্যাবের সাবেক শীর্ষ কর্মকর্তা ও সেনা কর্মকর্তারা।
গ্রেপ্তার থাকা আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান, কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।
অন্যদিকে পলাতক রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, র্যাবের সাবেক মহাপরিচালক হারুন অর রশিদ এবং র্যাবের সাবেক পরিচালক মো. খায়রুল ইসলাম।
প্রসিকিউশন বলছে, মামলার অগ্রগতির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি এদিন গ্রহণ করা হবে। নিরাপত্তা পরিস্থিতির কারণে সাক্ষীর পরিচয় প্রকাশ করা হয়নি।