মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু আজ

প্রধান আসামি সোহেল রানা। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ মঙ্গলবার। মামলাটিতে মোট ১৮ জনকে সাক্ষী করা হয়েছে।

মঙ্গলবার (২ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এ সময় মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে হাজির করা হবে।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার মামলার অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুই আসামিকে আদালতে আনা হলে শুনানি শেষে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে পাঠিয়ে ২ জুন থেকে সাক্ষ্যগ্রহণ শুরুর নির্দেশ দেন।

এর আগে গত ২৪ মে পুলিশের দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়ে ট্রাইব্যুনাল অভিযোগ গঠন শুনানির জন্য ১ জুন তারিখ নির্ধারণ করেছিলেন। তদন্তে প্রাপ্ত ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন এবং বিভিন্ন ফরেনসিক আলামতের ভিত্তিতে অভিযোগপত্র প্রস্তুত করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করছেন পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু। তিনি আদালতে সাক্ষীদের উপস্থাপন করবেন। অন্যদিকে আসামিপক্ষের জেরা পরিচালনা করবেন স্টেট ডিফেন্স অ্যাডভোকেট মুসা কালিমুল্যাহ।

মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভূঁইয়া নিপুণ গত ২৪ মে সোহেল রানা ও স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।

গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে রামিসা আক্তারের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর ওই বাসার বাসিন্দা সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানা শিশুটিকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেছেন।

দেশজুড়ে আলোচিত এ মামলার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com