সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একুশের কণ্ঠ প্রতিবেদন:: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নেতাকর্মীদের নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন আসিফ মাহমুদ। তিনি স্বাস্থ্যকেন্দ্রটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ধ্বংসস্তূপের মধ্যেও চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন।
স্বাস্থ্যকেন্দ্রের সামনে টাঙানো ‘সমমনা দোকানদার সমিতি’র একটি সাইনবোর্ডও এনসিপির নেতাকর্মীরা অপসারণ করেন।
পরিদর্শন শেষে আসিফ মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে মা ও শিশুদের চিকিৎসা, টিকাদানসহ গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। সেখানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। ওষুধ, টিকা, ইনজেকশন ও চিকিৎসা সরঞ্জামও লুট করা হয়েছে। জনগণের স্বাস্থ্যসেবার একটি প্রতিষ্ঠানে এ ধরনের ধ্বংসযজ্ঞ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ঘটনাটি বিচ্ছিন্ন নয় দাবি করে আসিফ মাহমুদ বলেন, এর সঙ্গে বিএনপির একজন সংসদ সদস্য, সিটি করপোরেশনের প্রশাসক ও স্থানীয় পুলিশের সংশ্লিষ্টতা রয়েছে। তার ভাষ্য, এটি রাষ্ট্রের কয়েকটি প্রতিষ্ঠানের ‘সংগঠিত অপরাধ’ এবং ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লুটতরাজ’।
ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও ভাঙচুর শুরু হওয়ার পর তারা সেখান থেকে চলে যায় বলে অভিযোগ করেন আসিফ মাহমুদ। তার দাবি, ঘটনা শেষ হওয়ার পর পুলিশ সেখানে পরিদর্শনে আসে। হামলা ও লুটপাটে জড়িত ব্যক্তিদের পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না।’ ধ্বংসস্তূপের মধ্যেই মা ও শিশুদের চিকিৎসাসেবা চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।