বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

যারা শিশু হত্যা করে তারা মানুষ না, মানুষ নামে নরপশু—লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি।। ‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, যারা সাত বছরের অবুঝ শিশুকে হত্যা করে মাটিতে পুগিয়ে রাখতে পারে, তারা আর যাই হোক মানুষ না, তারা নরপশু। এই জঘন্যতম হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, অপরাধী যেই হোক না কেন, তাকে কঠোরতম শাস্তির মুখোমুখি হতেই হবে। এই মাটিতে কোনো অপরাধীর পার পাওয়ার সুযোগ নেই।

‎বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী গ্রামে নৃশংস হত্যাকাণ্ডের শিকার সাত বছরের শিশু কন্যা নন্দিনী রায়ের শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে ত্রানমন্ত্রী এসব কথা নলেন।

‎শোকাহত পরিবারকে সান্ত্বনা ও জড়িতদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়, অপরাধী যেই হোক না কেন, তাকে কঠোরতম শাস্তির মুখোমুখি হতেই হবে। হত্যাকান্ডের সাথে জড়িত কোনো অপরাধী পার পাবে না। এসময় নন্দিনীর বাবা মা কান্নায় ভেঙ্গে পড়লে সেখানে এক হৃদ বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

‎​পরবর্তীতে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী, মূল আসামি গ্রেপ্তারের পর থানা পুলিশের নিকট থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের ওপর ন্যক্কারজনক হামলা এবং সরকারি কাজে বাধা প্রদানের ঘটনার তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করেন।

‎তিনি আরও বলেন, আসামি গ্রেপ্তারের পর যারা প্রশাসনের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করেছে, তারা মূলত একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছিল। তারা দেশে আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং একটি নির্বাচিত সরকারকে দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু সরকারের হাত অনেক লম্বা, শান্তিশৃঙ্খলা বিনষ্টকারী এই চক্রকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

‎ত্রানমন্ত্রী আরও বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে হামলা ও ভাঙচুরে জড়িতদের ইতিমধ্যে চিহ্নিত করে দুটি মামলা দায়ের করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রয়েছে উল্লেখ করে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য এবং প্রশাসনের ওপর আস্থা রাখার জন্য তিনি সবাইকে আশ্বস্ত করেন।

‎এসময় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক এবং পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com