বুধবার, ২৯ Jul ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

মিরপুরে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধ্বসে ২ জন নিহত

ছবি: সংগৃহীত

একুশের কণ্ঠ প্রতিবেদন:: রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে লাইন ধরে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর একটি দেয়াল ধ্বসে দুজনের মৃত্যু হয়েছে। এসময় আরও ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের দেয়াল ধসে এ ঘটনা ঘটে।

মিরপুর থানার ওসি হাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়িয়ে ছিলেন অনেকে। হঠাৎ তাদের ওপর কলেজের পুরোনো দেয়াল ধসে পড়ে। এতে নিচে চাপা পড়ে অনেকে আহত হন। পরে তাদের মধ্যে আটজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

মিরপুর থানার ওসি হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, দুপুর দেড়টার দিকে হঠাৎ মিরপুর কলেজের দেয়াল ধ্বসে পড়লে আটজন আহত হয়। সেখানে প্রতিদিনই টিসিবির পণ্য বিক্রি হয়। কিছুটা কম দামে নিত্যপণ্য নিতে মানুষ ভিড় করে এখানে। তখন অনেক মানুষ পণ্য সংগ্রহের পেছনে লাইনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই প্রাচীরটি লাইনে দাঁড়ানো লোকজনের ওপর ধসে পড়ে। এতে কয়েকজন দেয়ালচাপা পড়েন। লোকজন ভাঙা দেয়াল সরিয়ে আহতদের উদ্ধার করে।

ওসি হাফিজুর রহমান আরও বলেন, আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এসময় নাসিমা বেগম নামে এক নারীকে পঙ্গু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ঢাকা মেডিকেলে এক পুরুষকে মৃত ঘোষণা করা হয়। সেখানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন আরেক নারী। বাকিরা চিকিৎসাধীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com