শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধে দোহারে ব্যতিক্রমী উদ্যোগ

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধে দোহারে ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, দোহার ॥
মাদক কারবার ও রাতের অপরাধ দমনে দোহারে শুরু হলো ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ। শুধু বক্তৃতা বা সচেতনতায় সীমাবদ্ধ না থেকে এবার বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি নজরদারির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রথম ধাপে শিলাকোঠা বাংলাবাজারে ৮টি সিসিটিভি ক্যামেরা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলার প্রায় ২৫টি বাজারে ২০০টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা আবুল হাশেম বেপারি। শুক্রবার ৩১ জুলাই বিকেলে শিলাকোঠা বাংলাবাজারে আয়োজিত মাদকবিরোধী সভা শেষে বণিক সমিতির নেতাদের হাতে ক্যামেরাগুলো তুলে দেওয়া হয়। স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, বাজারে দীর্ঘদিন ধরে রাতের বেলায় মাদকসেবী ও অপরাধীদের উৎপাত বেড়ে যাওয়ায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। সিসিটিভি নজরদারি চালু হলে অপরাধ দমন এবং অপরাধীদের শনাক্তকরণ অনেক সহজ হবে বলে তারা মনে করছেন।

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধে দোহারে ব্যতিক্রমী উদ্যোগ

বাংলাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী শাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। শিক্ষিত তরুণদের একটি অংশ মাদকের ভয়াল ছোবলে বিপথগামী হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। বাজার এলাকায় গভীর রাতে মাদকসেবীদের আনাগোনা, বিশৃঙ্খলা এবং নিরাপত্তাকর্মীদের ওপর হামলার ঘটনাও তুলে ধরেন ব্যবসায়ীরা। তারা মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্থায়ী নজরদারির দাবি জানান।

সভায় ব্যবসায়ী ও যুবদল নেতা আবুল হাশেম বেপারি বলেন, নিরাপদ বাজার গড়ে তোলা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; সমাজের সচেতন নাগরিক ও ব্যবসায়ীদেরও এগিয়ে আসতে হবে। নিজস্ব অর্থায়নে দোহার উপজেলার প্রায় ২৫টি বাজারে ২০০টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে অপরাধ সংঘটনের আগেই প্রতিরোধ এবং ঘটনার পর দ্রুত অপরাধী শনাক্ত করা সম্ভব হয়। তিনি আরও বলেন, মাদক নির্মূলে সচেতনতার পাশাপাশি তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও জরুরি। যুবসমাজকে সঠিক পথে রাখতে সামাজিক উদ্যোগ আরও জোরদার করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হায়দার আলী হিরু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোশারফ হোসেন, কুসুমহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা, বাংলাবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের নেতা মো. সিরাজুল ইসলাম শরীফসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।স্থানীয়দের প্রত্যাশা, সিসিটিভি নজরদারি ব্যবস্থা চালু হলে বাজারে মাদক কারবার, চুরি-ছিনতাই ও রাতের অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। একই সঙ্গে এই উদ্যোগ দোহারের অন্যান্য বাজারেও নিরাপত্তা জোরদারে একটি কার্যকর মডেল হিসেবে কাজ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com