রবিবার, ১৯ Jul ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:: ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ট সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) প্ল্যান্টের একটি গর্তে নেমে রুমেল (২৫) ও শফিকুল ইসলাম (২৮) নামে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে কারখানার ইটিপি প্ল্যান্টে মেরামতের কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুমেল নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার বল্লি গ্রামের কুহিল মিয়ার ছেলে এবং নিহত শফিকুল ইসলাম খুলনা জেলার কায়রা উপজেলার নকশা গ্রামের ফারুক গাজীর ছেলে।
জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত এক্সিল্যান্ট সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা শনিবার সকালে কাজে যোগ দিয়ে ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) প্ল্যান্টের একটি গর্তে সিভিল শ্রমিক রুমেল গভীর গর্তে মেরামতের কাজে নেমে পড়েন। কিছু সময় পেরিয়ে গেলে তার কোন সাড়া শব্দ না পেয়ে ওয়েল্ডার শ্রমিক শফিকুল ইসলাম রুমেলকে উদ্ধার করার জন্য নিচে নামলে সেও অসুস্থ্য হয়ে পড়েন। এ সময় উপরে থাকা শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এক্সিল্যান্ড সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্যানিটারি প্ল্যান্টের ম্যানেজার অভিনাশ কুন্ডু বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইটিপি প্ল্যান্টের গর্তে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে তারা অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) গোপীনাথ কানজিলাল জানান, সকালে ওয়েল্ডারের হেলপার রুমেল ইটিপি প্ল্যান্টের একটি গর্তে মেরামতের কাজে নামেন। কিছুক্ষণ পর তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করতে নিচে নামেন সহকর্মী শফিকুল ইসলাম। উদ্ধার অভিযানে গিয়ে তিনিও অসুস্থ হয়ে পড়েন। কারখানা কর্তৃপক্ষ দ্রুত তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।