শনিবার, ২৫ Jul ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

ব্যারিস্টার জমির উদ্দিনকে সমাহিত করা হবে সংসদ প্রাঙ্গণে

অনলাইন ডেস্ক, একুশের কণ্ঠ:: সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা আজ রোববার (১২ জুলাই) বিকেলে জাতীয় সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সংসদের নির্ধারিত চত্বরে তাকে সমাহিত করা হবে।

সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা জানায়, বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরহুমের মরদেহ সংসদ প্রাঙ্গণের নির্ধারিত স্থানে দাফন করা হবে।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ অধিশাখা-১) রাশেদ মিজান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

চিফ হুইপ বলেন, সাবেক এই স্পিকারের আকস্মিক প্রয়াণে সংসদীয় অঙ্গন ও রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

অন্যদিকে পৃথক শোকবার্তায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

দীর্ঘ রাজনৈতিক জীবনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দুইবার জাতীয় সংসদের স্পিকার এবং দুই দফায় বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com