রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানের রোয়াংছড়ি দূর্গম বড়ইতলী পাড়ায় ভয়াবহ আগুনে ১৬টি বসতঘর এবং ২টি দোকান পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে পাশ্বৃবর্তী আরও বেশকিছু বসতঘরও।
সোমবার (৯ নভেম্বর) গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের দূর্গম বড়ইতলী পাড়ায় চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে গ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর ১৬টি বসতবাড়ি এবং ২টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে পাশ্ববর্তী আরও কয়েকটি বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।তবে এলাকাটি দূর্গম ও যাতায়াত ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা রওনা দিয়েও ঘটনাস্থলে যেতে পারেনি। স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা বলেন, অগ্নিকাণ্ডে ১৬টি ঘর ও দুটি দোকান পুড়ে গেছে।আমি ঘটনাস্থল পরিদর্শন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড়ইতলী পাড়ার বাসিন্দা নাইম্রাচিং মার্মার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। একের পর এক ঘর ও দোকানে আগুন ধরে গেলে আতঙ্কে লোকজন ঘর থেকে বেরিয়ে আসেন। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, অল্পসময়ের মধ্যেই ১৬টি বসতঘর ও দুটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করা হয়।সেখানে পৌঁছাতে হলে সড়ক থেকে প্রায় ২০০ ফুট নিচে ঢালু পথ পেরিয়ে সাঙ্গু নদী অতিক্রম করতে হয়। কিন্তু নদীতে বড় নৌকা না থাকায় ফায়ার সার্ভিসের ইঞ্জিন বহন করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়িন কবীর বলেন, তারাছা ইউনিয়নের বড়ইতলী পাড়ায় অগ্নিকান্ডের খবর পেয়েছি।ঘটনাস্থলে দূর্গম হওয়ায় তাৎক্ষণিক পৌছানো সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে এনেছে গ্রামবাসীরা। ক্ষয়ক্ষতির পরিমান ৩০ লক্ষাধিক ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।