বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

বাংলাদেশ আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ

জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক, একুশের কণ্ঠ:: সরকারের আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ। ৪ ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন।

সফরকালে বাংলাদেশে সবার জন্য মানসম্মত, সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও আজীবন শিক্ষার অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে বিদ্যমান অগ্রগতি, ভালো উদ্যোগ ও চ্যালেঞ্জগুলো পর্যালোচনা করবেন ফরিদা শহীদ।

বিশেষ করে বৈষম্যহীনভাবে মানসম্মত সরকারি শিক্ষায় প্রবেশাধিকার এবং শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থায়নের বিষয়গুলো তার সফরে গুরুত্ব পাবে।

বাংলাদেশে অবস্থানকালে ফরিদা শহীদ সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, নাগরিক সমাজ ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষা খাতের অন্যান্য কর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।

সফর শেষে বাংলাদেশের শিক্ষার অধিকার পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করবেন ফরিদা শহীদ। আগামী ২০২৭ সালের জুনে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশ সফরের প্রতিবেদনটি উপস্থাপন করার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com