মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: রাজধানীর রাস্তাঘাট ও ফুটপাতে হকারদের জন্য নির্ধারিত জায়গা বরাদ্দ দেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে আদালত জানতে চেয়েছেন, ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালার আওতায় রাস্তা ও ফুটপাত হকারদের জন্য বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না এবং কেন তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না।
ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬ চ্যালেঞ্জ করে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদালত এ আদেশ দেন। রিটটি দায়ের করেন আইনজীবী মো. শোয়েবুজ্জামান।
আদালত স্থানীয় সরকার সচিব, আইন সচিব এবং ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।
রিট আবেদনে বলা হয়, রাস্তা ও ফুটপাত মূলত জনসাধারণের চলাচলের জন্য ব্যবহৃত হওয়ার কথা। সেখানে হকারদের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ দিলে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হতে পারে এবং তা নাগরিক অধিকার ও সংবিধানের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ পরে নির্ধারণ করবেন আদালত।