বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: চলমান টি-২০ বিশ্বকাপের সপ্তম আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে পাকিস্তান। সুপার টুয়েলভের খেলায় টানা চার ম্যাচ জিতে ইতোমধ্যেই সেরা চার নিশ্চিত করে রেখেছে বাবর আজম বাহিনী। এখনও সুপারটুয়েলভের স্কটল্যান্ডের বিপক্ষে লড়া বাকি। আর সেটিও জয়ে শেষ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলতে চায় পাকিস্তান। অন্যদিকে বিদায়ী বিশ্বকাপের শেষ ম্যাচ জিতে শান্তনা নিয়ে দেশে ফিরতে চান স্কটিশরা।
আজ শারজায় বাংলাদেশ সময় রাত ৮টায় পাকিস্তানের বিপক্ষে লড়বে প্রথমবারের মতো বিশ্বকাপের মূলপর্বে খেলা স্কটল্যান্ড। খেলাটি সরাসরি সম্প্রচার করবে জিটিভি ও টি স্পোর্টস।
দুদলের মুখোমুখি দেখায় অবশ্য এগিয়ে শক্তিশালী পাকিস্তানই। তিনবারের দেখায় স্কটিশরা সবকটি ম্যাচেই হেরেছে পাকিস্তান দলের কাছে। এর মাঝে একবার হার ২০০৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে।
পরিসংখ্যান আর অভিজ্ঞতার হিসেবেও, কোনো ধরনের অঘটন না ঘটলে, গ্রুপ চ্যাম্পিয়নই হচ্ছে পাকিস্তান। কেননা চার ম্যাচ জেতার পর সর্বোচ্চ ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই অবস্থান করছে দলটি। অন্যদিকে টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকা নিউজিল্যান্ডের সংগ্রহ ৬ পয়েন্ট। এমতাবস্থায় শেষ ম্যাচে কিউইরা আফগানিস্তানকে পরাজিত করলে তাদের সংগ্রহ দাঁড়াবে ৮ পয়েন্ট। আর আজ স্কটিশদের কাছে হেরে গেলেও রানরেটের হিসেবে অন্যদলকে পরাজিত করে গ্রুপ সেরা হয়েই উঠবে পাকিস্তান।
এরপরও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটিকে গুরুত্বপূর্ণ মনে করছেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান। সুপার টুয়েলভে দলের শতভাগ সাফল্য লক্ষ্য জানালেন রিজওয়ান। তিনি বলেন, ‘সুপার টুয়েলভে পাঁচ ম্যাচই আমরা জিততে চাই। এতে শতভাগ আত্মবিশ্বাস নিয়ে সেমিফাইনাল খেলতে নামতে পারবো আমরা।’
তবে শেষ ম্যাচে জয়ের স্বাদ পেতে চায় স্কটল্যান্ড। সুপার টুয়েলভে এখনও ৪টি ম্যাচ খেলেও জয়হীন রয়েছে বাছাইপর্বে টানা তিন জয় পাওয়া দলটি। তাই বিশ্বকাপের বিদায়ী ম্যাচে শেষটা ভালো করতে চায় স্কটিশ অধিনায়ক কাইল কোয়েটজার। তিনি বলেন, ‘আমরা সুপার টুয়েলভে ভালো করতে পারিনি। তবে শেষ ম্যাচে আমরা ভালো ফল করতে চাই।’
পাকিস্তান সম্ভাব্য একাদশ: বাবর আজম (অধিনায়ক), ফাখর জামান, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি।
স্কটল্যান্ডের সম্ভাব্য একাদশ: কাইল কোয়েটজার (অধিনায়ক), জর্জ মানসে, ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন, কলাম ম্যাকলিওড, মাইকেল লিয়েস্ক, ক্রিস গ্রেভস, মার্ক ওয়াট, জস ড্যাভে, সাফইয়ান শরিফ ও ব্রাডলে ওহাল।