শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার দোহার উপজেলার বিলাশপুর রাধানগর গ্রামে স্বামী স্ত্রীর আত্মহত্যার পর পাঁচ কন্যার পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় এমপি এবং ‘আমরা বিএনপি পরিবার’।
আজ ২ অক্টোবর’২৬ (শুক্রবার) দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামে এক মাসের ব্যবধানে আত্মহত্যার শিকার কৃষক দম্পতি আবুল কালাম আজাদ ও ফরিদা বেগম বাড়িতে যান।
গত ২৯ সেপ্টেম্বর প্রথম আলোতে এক মাসের ব্যবধানে মা-বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার,অভাবের সংসারে পাঁচ মেয়ের কি হবে? শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। প্রতিবেদনটি দেখে তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে উক্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য একটি প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পরিবারের জন্য আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
শুক্রবার দুপুরে দোহার নবাবগঞ্জের এমপি খন্দকার আবু আশফাকের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ওই পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং আর্থিক অনুদান দেয়। এসময় গৃহহীন ওই পরিবারকে ঘর করে দেয়া হবে বলে এমপির পক্ষ থেকে ঘোষনা দেন যুবদল নেতা আলী আব্বাস।
নিহত দম্পত্তির বড় মেয়ে সোনিয়া আক্তার বলেন, তার বাবা মা দু’জনেই নেই। ৫ বোন অভাবের সংসার।এমপি সাহেব যেন আমাদেরকে একটি ঘর করে দেন। আমাদের টিনের চালার ভাঙ্গা ঘর। এসময় তার ৫বোন, দাদা দাদি ও প্রতিবেশীরা উপস্থিত ছিলো।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, দোহার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাসুদ পারভেজ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারন সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, বুয়েটে ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, দীর্ঘদিনের অভাব-অনটন ও ঋণের বোঝার চাপে মাত্র ৩১ দিনের ব্যবধানে মৃত্যুবরণ করেন কৃষক আবুল কালাম আজাদ ও তাঁর স্ত্রী ফরিদা বেগম। প্রথমে ফরিদা বেগমের মৃত্যু হয়। এর এক মাসের ব্যবধানে নিজ বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁর স্বামী আবুল কালাম আজাদের মরদেহ।