বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ॥
বছর ঘুরে আবারও মুসলিম উম্মাহর দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। এই আনন্দঘন ও পুণ্যময় ক্ষণে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৬ মে) রাত পৌনে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান।
ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী লেখেন:
“ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্বমুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। আমি এই শুভক্ষণে দেশ এবং বিশ্বের সব মুসলমানকে জানাই ঈদ মোবারক। বিশ্ববাসীকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা।”
তিনি আরও উল্লেখ করেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বাংলাদেশসহ বিশ্বের সব প্রান্তের মুসলমানরা ঈদুল আজহা উদ্যাপনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ইসলামের মহিমান্বিত এই উৎসব কেবল একটি আনন্দ-উৎসবই নয়; বরং এটি স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের এক চিরন্তন বার্তা বহন করে। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত এই দিবসকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে মহিমান্বিত ও গভীর তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
পবিত্র এই মাহেন্দ্রক্ষণে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “তিনি যেন আমাদের ত্যাগ কবুল করেন। আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিমবিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্যও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি।”
পোস্টের শেষাংশে প্রধানমন্ত্রী দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বলেন, “ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করে নিন। তার অশেষ রহমত ও বরকতে আমাদের জীবন ভরে উঠুক শান্তি ও সমৃদ্ধিতে।”