শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ: পাসের হার ৪৪.২৭%, ‘পাসের হারে কোনো হস্তক্ষেপ করা হয়নি’ জানালেন উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, জাতীয় বিশ্ববিদ্যালয় ডেস্ক॥
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ২৭ শতাংশ। ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রতিক্রিয়ায় ফলাফলের স্বচ্ছতা ও শিক্ষার গুণগত মান নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে উপাচার্য জানান, প্রশাসনিক তৎপরতার কারণে মাত্র ২৭ কর্মদিবসের মধ্যে এত বড় একটি পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা সম্ভব হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা গ্র্যাজুয়েট হয়েছেন, তাদের অভিনন্দন ! “যারা এবার কৃতকার্য হতে পারেননি, তারা হতাশ না হয়ে আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে আবার পরীক্ষা দেবেন। কারণ ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি (Failure is the pillar of success)।”

ডিগ্রি পরীক্ষায় লক্ষাধিক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার বিষয়ে গভীর সমবেদনা প্রকাশ করে উপাচার্য জোর দিয়ে বলেন, “এটাই পরীক্ষার প্রকৃত ফলাফলের প্রতিফলন। এতে কোনো ধরনের কৃত্রিম হস্তক্ষেপ বা পরিবর্তন করা হয়নি।” তিনি আরও যুক্ত করেন, জাতীয় বিশ্ববিদ্যালয় এখন থেকে শিক্ষার প্রকৃত গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। বিপুলসংখ্যক পরীক্ষার্থীর অকৃতকার্য হওয়ার নেপথ্যে কী কারণ রয়েছে, তা নিয়ে ভবিষ্যতে অ্যাকাডেমিক গবেষণা পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

এর আগে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষায় দেশের ৬৫২টি কেন্দ্রে ১ হাজার ৯০৮টি কলেজের সর্বমোট ১ লাখ ৮৪ হাজার ৮৯৬ জন পরীক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত ও মানউন্নয়নসহ) অংশগ্রহণ করেছিলেন। এতে সর্বমোট উত্তীর্ণের গড় হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ২৭ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com