সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
একুশের কণ্ঠ প্রতিবেদন:: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও জোনে পদায়ন করা হয়েছে। এর মধ্যে ৮ সেপ্টেম্বর চারজন এবং ১৩ সেপ্টেম্বর তিনজন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়। তবে ১৩ সেপ্টেম্বরের আদেশে ৮ সেপ্টেম্বরের আদেশে পদায়ন পাওয়া সহকারী পুলিশ কমিশনার খান মাহমুদুল হাসানের বদলির আদেশ বাতিল করা হয়েছে।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক কার্যালয় আদেশে এসব পদায়ন ও বদলির তথ্য জানানো হয়।
৮ সেপ্টেম্বরের আদেশ অনুযায়ী, পিওএম-দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনার সাজিয়া আফরোজ সুসাধকে ট্রাফিক-মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-পল্লবী জোন) হিসেবে পদায়ন করা হয়। ট্রাফিক-মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-পল্লবী জোন) নুসরাত ইয়াছমিন তিসাকে ট্রাফিক-গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-বাড্ডা জোন) করা হয়।
রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-রমনা) সৌমিক হাসানকে ট্রাফিক-গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-গুলশান জোন) হিসেবে পদায়ন করা হয়। একই আদেশে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার খান মাহমুদুল হাসানকে ট্রাফিক-গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মহাখালী জোন) হিসেবে পদায়ন করা হয়েছিল।
তবে ১৩ সেপ্টেম্বরের আদেশে খান মাহমুদুল হাসানের ট্রাফিক-মহাখালী জোনে বদলির ওই আদেশ বাতিল করা হয়েছে।
১৩ সেপ্টেম্বরের আদেশে সচিবালয় নিরাপত্তা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা-১) মো. আতিকুর রহমানকে ট্রাফিক-গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মহাখালী জোন) হিসেবে পদায়ন করা হয়েছে। অর্থাৎ খান মাহমুদুল হাসানের বদলে মহাখালী জোনের দায়িত্ব পেয়েছেন মো. আতিকুর রহমান।
এ ছাড়া লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) মো. ফজলুল হককে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম) হিসেবে পদায়ন করা হয়েছে। গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম) মাহমুদুল হোসাইনকে লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) হিসেবে পদায়ন করা হয়েছে।
ডিএমপির আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে এসব কর্মকর্তাকে তাদের নামের পাশে উল্লিখিত কর্মস্থলে পদায়ন করা হয়েছে। আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে।