শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গভীর রাতে একই পরিবারের পাঁচ সদস্যকে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে স্ত্রী, শ্যালক ও তাদের তিন শিশু কন্যা রয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (৮ মে) দিবাগত গভীর রাতে কাপাসিয়া সদর উপজেলার সদর ইউনিয়নের রাউৎকোনা গ্রামে মনির হোসেনের বাড়িতে এ ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে।
শনিবার (৯ মে) সকালে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পরিবারের সদস্যরা বাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা গভীর রাতে ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে একে একে সবাইকে জবাই করে হত্যা করে।
ঘটনাস্থলের ভয়াবহতা দেখে স্থানীয়রা হতবাক হয়ে পড়েন। নিহতদের মধ্যে তিন শিশু কন্যার মরদেহ ঘরের ফ্লোরে পড়ে ছিল।
এছাড়া তার স্ত্রীর মরদেহ জানালার সঙ্গে রশি দিয়ে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। হত্যার ধরন দেখে এটি পরিকল্পিত ও অত্যন্ত নৃশংস হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পূর্ণ পরিচয় প্রকাশ করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কেও এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। পারিবারিক বিরোধ, পূর্বশত্রুতা কিংবা ডাকাতির উদ্দেশ্যে এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বলেন, খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে কাজ শুরু করেছে। একই পরিবারের পাঁচজনকে জবাই করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আপাতত এর বেশি কিছু বলা যাচ্ছে না।
ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থল পরিদর্শন করতে পারে বলে জানা গেছে।
এদিকে, এমন মর্মান্তিক হত্যাকাণ্ডে রাউৎকোনা গ্রামজুড়ে শোক ও আতঙ্ক বিরাজ করছে।