শনিবার, ২৭ Jun ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

খুলনা মহিলা কলেজের পুকুর থেকে কম্পিউটার অপারেটরের লাশ উদ্ধার

খুলনা ব্যুরো::

খুলনা সরকারি মহিলা কলেজের পুকুর থেকে শেখ ওমর ফারুক সোহেল (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর বয়রা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ওই পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। সোহেল মহিলা কলেজে কম্পিউটার অপারেটর হিসেবে অস্থায়ীভিত্তিতে চাকরি করতেন। তিনি বয়রা মহিলা কলেজ মোড়ের মৃত শেখ লুৎফর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার এশার নামাজের পর থেকে সোহেলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুজি করে রাত ১১টার দিকে পুকুর পাড়ে তার জুতা দেখতে পান স্থানীয়রা। ঘটনাটি সন্দেহজনক মনে হলে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।

বয়রা সদর ফায়ার সার্ভিসের পরিদর্শক নূরুল আল রাজু বলেন, স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে পুকুরে তল্লাশি চালানো হয়। পরে সোহেলের লাশ উদ্ধার করা হয়।

নিহতের পারিবারিক সূত্র জানায়, সোহেলের মৃগী রোগ ছিল। পরিবারের সদস্যদের ধারণা, এশার নামাজের জন্য ওজু করতে গিয়ে পুকুরে পড়ে যান তিনি।

এ ব্যাপারে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. সাব্বিরুল ইসলাম বলেন, শেখ ওমর ফারুক সোহেল মৃগী রোগী ছিলেন। উক্ত ঘটনায় খালিশপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com