শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
খুলনা ব্যুরো::
খুলনায় ফরহাদুজ্জামান নামে একজন হাফেজকে পিটিয়ে হত্যার ঘটনায় ৪ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত।
সোমবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন এই রায় ঘোষণা করেন। মামলায় ৫ জনকে খালাস দেওয়া হয়েছে। নিহত হাফেজ ফরহাদুজ্জামান খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের মৃত বাবর আলীর ছেলে।
দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন, একই গ্রামের পীর আলী তফাদারের ছেলে শহীদ তফাদার, আমিন সরদার ও তার ভাই আজিজুল সরদার এবং সাত্তার সরদারের ছেলে সোলায়মান সরদার। খালাসপ্রাপ্তরা হলেন, মোমিন সরদার, সবুর সরদার, নূর ইসলাম সরদার, জুলফিকার সরদার ও নিছার সরদার।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এম ইলিয়াস খান জানান, মসজিদের বালু চুরির প্রতিবাদ করায় ২০১৫ সালের ৫ জুন শুক্রবার জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে হাফেজ ফরহাদুজ্জামানকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই ফারুক হোসেন বাদি হয়ে ৯ জনের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ৯ অক্টোবর ডুমুরিয়া থানার এসআই জাহাঙ্গীর হোসেন ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ৩০ জন স্বাক্ষীর মধ্যে ২২ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়েছে।