শনিবার, ২৭ Jun ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

খুলনায় সঞ্চয় সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

খুলনা ব্যুরো : ‘সঞ্চয় সপ্তাহ-২০১৮ উদযাপন ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম’ উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা সঞ্চয় অফিসের উদ্যোগে নগরীর কালেক্টরেট প্রাঙ্গণ থেকে এই র‌্যালি বের করা হয়।‘চলো সবাই সঞ্চয় করি, ডিজিটাল বাংলাদেশ গড়ায় সহায়তা করি’ এ প্রতিপাদ্য নিয়ে এবারের সঞ্চয় সপ্তাহ পালিত হয়।
সঞ্চয় সপ্তাহের উদ্বোধন ও র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন বলেন, সঞ্চয়ের মাধ্যমে নিজে যেমন লাভবান হওয়া যায়, তেমনি দেশও এগিয়ে যায়। যে দেশে সঞ্চয় যত বেশি, সে দেশ তত উন্নত। সঞ্চয়ে বিনিয়োগ অত্যন্ত নিরাপদ ও লাভজনক। সবাইকে সঞ্চয়ের মানসিকতা তৈরি করতে হবে। তিনি স্কুল-কলেজের শিক্ষার্থীদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করার জন্যও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ দেন।
পরে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের নেতৃত্বে বের হওয়া র‌্যালিতে খুলনা জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক মো. আলাউদ্দিনসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কালেক্টরেট প্রাঙ্গনে এসে শেষ হয়।
এবারের সঞ্চয় সপ্তাহ উপলক্ষে সমাবেশ, র‌্যালি, উঠান বৈঠক, প্রচারাভিযান এবং বিভিন্ন স্কুল-কলেজে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com